যুদ্ধবিরতি কার্যকর হওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই কম্বোডিয়ার বিরুদ্ধে তা লঙ্ঘনের অভিযোগ এনেছে থাইল্যান্ড। মঙ্গলবার থাই সেনাবাহিনী জানায়, তারা মধ্যরাতের পর গোলাবর্ষণ বন্ধ করেছে। কিন্তু সকাল পর্যন্ত বিভিন্ন স্থানে কম্বোডিয়ার দিক থেকে গুলি ছোড়া হয়েছে। তবে কম্বোডিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, মধ্যরাতের পর থেকে দুপক্ষের মধ্যে কোনো সশস্ত্র সংঘর্ষ হয়নি। সোমবার মালয়েশিয়ায় শান্তি আলোচনার পর থাইল্যান্ড ও কম্বোডিয়া একটি শর্তহীন যুদ্ধবিরতিতে রাজি হয়। তখন বলা হয়েছিল, মধ্যরাত থেকে যুদ্ধবিরতি কার্যকর হবে। থাই সেনাবাহিনীর মুখপাত্র উইনথাই সুভারি বলেন, এটি চুক্তির ইচ্ছাকৃত লঙ্ঘন ও পারস্পরিক আস্থা দুর্বল করার একটি স্পষ্ট চেষ্টা। তিনি আরও বলেন, থাইল্যান্ড এর উপযুক্ত প্রতিক্রিয়া জানাতে বাধ্য হয়েছে। এটা তার আত্মরক্ষার আইনি অধিকার প্রয়োগের মধ্যে পড়ে। দুই দেশের সীমান্তে পাঁচ দিনের রক্তক্ষয়ী সংঘর্ষে অন্তত ৩৩ জন নিহত এবং হাজার হাজার মানুষ বাস্তুচ্যুত হয়েছে।