বিচারিক পদ সৃষ্টি

আপিল বিভাগের বিচারপতির নেতৃত্বে কমিটি

জুডিশিয়াল সার্ভিসে পদ সৃষ্টিতে কমিটি গঠনের বিধান রেখে বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস গঠন বিধিমালার প্রজ্ঞাপন জারি হয়েছে। এতে বলা হয়েছে, সুপ্রিম কোর্টের আপিল বিভাগের জ্যেষ্ঠ বিচারপতির সভাপতিত্বে পদ সৃজন কমিটি গঠিত হবে। রাষ্ট্রপতির আদেশক্রমে আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়ের আইন এবং বিচার বিভাগ থেকে গত সোমবার রাতে ‘বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস গঠন বিধিমালা, ২০২৫’ শিরোনামে এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি হয়। বিধিমালার ৫(১) উপবিধিতে জুডিশিয়াল সার্ভিসের পদ সৃজন বিষয়ে বলা হয়েছে, বিচারিক পদ সৃজনের ক্ষেত্রে আপিল বিভাগের কর্মে জ্যেষ্ঠ বিচারপতির সভাপতিত্বে সুপ্রিম কোর্টের আপিল বিভাগের একজন, হাইকোর্ট বিভাগের দুজন বিচারপতি, জনপ্রশাসন মন্ত্রণালয়, অর্থ বিভাগ এবং আইন ও বিচার বিভাগের সচিব/সিনিয়র সচিবদের সমন্বয়ে বিচারিক পদ সৃজন কমিটি গঠিত হবে। ওই পদ সৃজনের ক্ষেত্রে কমিটির সুপারিশ চূড়ান্ত বলে গণ্য হবে। এ ছাড়া ৫(২) উপবিধি অনুযায়ী, সার্ভিসের পদ সৃজনের ক্ষেত্রে বিচারিক পদ সৃজনের ক্ষেত্রে বিচারিক পদ সৃজন কমিটির সুপারিশ বাস্তবায়নে আইন ও বিচার বিভাগ রাষ্ট্রপতির কাছে সারসংক্ষেপ উপস্থাপন করবে এবং অনুমোদিত সার সংক্ষেপ অনুযায়ী চূড়ান্ত আদেশ জারি করবে। ৫(৩) উপবিধিতে বলা হয়েছে, বিচারিক পদের সহায়ক জনবল সৃজন এবং বিচারিক পদের অফিস সরঞ্জাম নির্ধারণের ক্ষেত্রে আইন ও বিচার বিভাগ এ-সংক্রান্ত প্রস্তাব জনপ্রশাসন মন্ত্রণালয় এবং অর্থ বিভাগে প্রেরণসহ অন্যান্য আনুষ্ঠানিকতা পালন করবে।

এর আগে ২০০৭ সালের ১৬ জানুয়ারি বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস (সার্ভিস গঠন, সার্ভিস পদে নিয়োগ এবং সাময়িক বরখাস্তকরণ, বরখাস্তকরণ ও অপসারণ) বিধিমালা প্রজ্ঞাপন আকারে জারি হয়। সোমবার রাতে ‘বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস গঠন বিধিমালা, ২০২৫’ শিরোনামে জারি করা প্রজ্ঞাপনের ৩ বিধিতে সার্ভিস গঠন বিষয়ে বলা হয়েছে, বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস (সার্ভিস গঠন, সার্ভিস পদে নিয়োগ এবং সাময়িক বরখাস্তকরণ, বরখাস্তকরণ ও অপসারণ) বিধিমালা, ২০০৭-এর অধীন গঠিত বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস এই বিধিমালার অধীন গঠিত হয়েছে বলে বিবেচিত হবে।