হাতিয়ায় ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে চাল বিতরণ

নোয়াখালীর হাতিয়ায় অস্বাভাবিক জোয়ারে ক্ষতিগ্রস্ত ২৫০ পরিবারের মাঝে চাল বিতরণ করা হয়েছে। মঙ্গলবার বিকালে চরকিং ইউনিয়ন পরিষদ ভবনে এই চাল বিতরণ করা হয়।

এই সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আলাউদ্দিন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মং এছেন, চরকিং ইউপি চেয়ারম্যান নাঈম উদ্দিন আহম্মেদ ও সুখচর ইউনিয়ন পরিষদ সচিব হোছনে মোবরক। 

সম্প্রতি বঙ্গোপসাগরে নিন্মচাপের কারণে অস্বাভাবিক জোয়ারে তলিয়ে যায় উপজেলার সুখচর, নলচিরা ও নিঝুমদ্বীপসহ কয়েকটি ইউনিয়নের নিন্মাঞ্চল। এতে সবচেয়ে বেশি ক্ষতি হয় সুখচর ও নিঝুমদ্বীপ ইউনিয়নে। এজন্য উপজেলা প্রশাসনের পক্ষ থেকে গত কয়েকদিন এসব এলাকায় শুকনো খাবার বিতরণ করা হয়।

মঙ্গলবার দুর্যোগকালীন সময়ে বিশেষ বরাদ্দের মাধ্যমে সুখচর ইউনিয়নের ২৫০ পরিবারকে পরিবার প্রতি ১৫ কেজি করে চাউল দেওয়া হয়। অনুন্নত যোগাযোগ ব্যবস্থার কারণে ক্ষতিগ্রস্ত এসব পরিবারের সদস্যদের পার্শ্ববর্তী চরকিং ইউনিয়ন পরিষদে এসে এই চাউল নিতে হয়েছে। 

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আলাউদ্দিন বলেন, জোয়ারে ক্ষতিগ্রস্ত পরিবার গুলোর মধ্যে আজ সুখচর ইউনিয়নের ২৫০ পরিবারকে এই চাউল দেওয়া হয়। এজন্য গতকাল সুখচর ইউনিয়ন পরিষদের লোকজন বাড়ি বাড়ি গিয়ে তালিকা তৈরি করেন। পরে নিঝুমদ্বীপহ অন্যান্য ইউনিয়নের লোকজনকেও ত্রাণ দেওয়া হবে।