শিক্ষার্থীদের যেতে ‘বাধ্য করার’ প্রতিবাদে বিক্ষোভ

টাঙ্গাইলে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কর্মসূচিতে বিন্দুবাসিনী সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের ছাত্রদের জোর করে নেওয়া হয়েছে, এমন অভিযোগে শহরে বিক্ষোভ হয়েছে। গতকাল বুধবার দুপুর সাড়ে ১২টার দিকে বিদ্যালয় প্রাঙ্গণ থেকে প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল নিয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে প্রেস ক্লাবের সামনে গিয়ে মানববন্ধন কর্মসূচি পালন করেন।

মানববন্ধন কর্মসূচি চলাকালে শিক্ষার্থীরা জানায়, গত ২৯ জুলাই শহরের নিরালার মোড়ে জাতীয় নাগরিক পার্টির পদযাত্রা চলাকালে শিক্ষাপ্রতিষ্ঠানে ক্লাস চলাকালে শিক্ষার্থীদের জোরপূর্বক পদযাত্রায় নিয়ে যাওয়া হয়। এ সময় শিক্ষকরা বাধা দিলে তাদের বিভিন্ন ধরনের হুমকিও দেওয়া হয়। তাই তারা শিক্ষাপ্রতিষ্ঠানে রাজনীতি বন্ধের দাবি জানান। এ সময় এনসিপির বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেওয়া হয়।

বক্তারা বলেন, এনসিপির নেতারা স্কুলের বিভিন্ন শ্রেণিকক্ষে প্রবেশ করেন। এ সময় তারা শিক্ষকদের অনুমতি ছাড়াই শিক্ষার্থীদের এনসিপির সমাবেশে যেতে বাধ্য করেন।

বক্তারা আরও বলেন, যারা শিক্ষার্থীদের রাজনৈতিক অনুষ্ঠানে যেতে বাধ্য করেছেন, তাদের শাস্তি দিতে হবে। একই সঙ্গে ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের প্রকাশ্যে ক্ষমা চাওয়ার আহ্বান জানান তারা।

এদিকে এনসিপির সংগঠক (উত্তরাঞ্চল) আজাদ খান ভাসানী গতকাল ফেসবুকে দেওয়া এক স্ট্যাটাসে এ ঘটনার জন্য দুঃখপ্রকাশ করেছেন। ফেসবুকে তিনি লিখেছেন, ‘জাতীয় নাগরিক পার্টির জুলাই পদযাত্রায় টাঙ্গাইলে বিন্দুবাসিনীর শিক্ষার্থীদের উপস্থিত হওয়া নিয়ে দলীয় কোনো নির্দেশনা বা ভূমিকা ছিল না। বিচ্ছিন্নভাবে এই ঘটনার সূত্রপাত হয়েছে। আমাদের পদযাত্রা পুরনো বাসস্ট্যান্ড পৌঁছালে ছাত্রীরা প্রথমে নাহিদ ইসলাম, ডা. জারা, সামান্তা শারমিনদের স্বাগত জানাতে আসে। স্টেজের কাছাকাছি পৌঁছালে কিছু ছাত্র সারজিস আলমসহ সবাইকে ঘিরে ধরে। কেউ কেউ ছবি ওঠাতে চায়। পরবর্তী সময়ে জানতে পারি, বিন্দুবাসিনীর ছাত্ররা নাহিদ ইসলামের কাছে কিছু দাবি জানাতে চায়। কিন্তু ঘটনাটি পরে অন্য দিকে মোড়  নেয়। বিষয়টি নিয়ে ইতিমধ্যে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন টাঙ্গাইল জেলার সাবেক সদস্যসচিব আহমেদ শেরশাহ ব্যাখ্যা দিয়েছে এবং দুঃখপ্রকাশ করেছে। জাতীয় নাগরিক পার্টির পক্ষ থেকেও আমরা এই অনভিপ্রেত ঘটনার জন্য আন্তরিকভাবে দুঃখপ্রকাশ করছি। ভবিষ্যতে এ ধরনের ঘটনার যেন পুনরাবৃত্তি না ঘটে, সে ব্যাপারে সবাইকে সচেষ্ট থাকার জন্য অনুরোধ করছি।’