বাগেরহাটের আসন কমানোয় আপত্তি স্থানীয়দের

ত্রয়োদশ সংসদ নির্বাচনকে সামনে রেখে নতুন সীমানার খসড়া প্রকাশ করেছে নির্বাচন কমিশন। কারিগরি কমিটির সুপারিশ অনুযায়ী বাগেরহাটের একটি আসন কমানো হয়েছে। তবে নির্বাচন কমিশনের এমন সিদ্ধান্তে আপত্তি জানিয়েছেন স্থানীয় বাসিন্ধা ও রাজনীতিকরা। তাদের দাবি চারটি আসন বহাল রাখতে হবে। গতকাল বৃহস্পতিবার রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে দেখা করেন বিএনপির স্থানীয় কয়েকজন নেতা। পরে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন বাগেরহাট জেলা বিএনপির উপদেষ্টা ড. কাজী মনিরুজ্জামান মনির।

তিনি বলেন, ‘আমার জন্মলগ্ন থেকে বাগেরহাটে চারটি আসন  দেখছি। আমি এই বাগেরহাট-৪ আসন যেটা নাই হয়ে গেছে, সেখান থেকে এসেছি। আমি এখানে আসার একটাই কারণ, আমরা এমন একটি আসন যেখানে স্বাধীনতার পর অনেক সরকারি প্রতিষ্ঠান আছে, এমপিওভুক্ত স্কুল, কলেজ, মাদ্রাসা  যেখানে একটি সরকারি ভবন যায়নি। যেখানে আমাদের ২০ শতাংশ রাস্তা এখন পর্যন্ত পাকা নয়। সেটা যদি আরও বৃদ্ধি হয়। তাহলে আমাদের যে থোক বরাদ্দ, অন্যান্য উন্নয়নের যে বরাদ্দ সেগুলো যথার্থভাবে যাবে না। সেটা খুবই ক্ষতিগ্রস্ত হবে এবং আমাদের উন্নয়ন ব্যাহত হবে।’