দুই দলই যেন হারের জন্য লড়ছিল; সফল হলো পাকিস্তান

টেস্ট এবং টি-টোয়েন্টি মিলিয়ে টানা ৯ ম্যাচ হারের পর অবশেষে জয়ের মুখ দেখেছে ওয়েস্ট ইন্ডিজ। সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে তারা পাকিস্তানকে ২ উইকেটে হারিয়েছে। বরং বলা ভালো, দুই দলই ম্যাচ হেরে যাওয়ার জন্য খেলছিল। শেষ পর্যন্ত সেই প্রচেষ্টায় ‘সফল’ হয়েছে পাকিস্তান!‍ দুই দলের পারফর্মেন্স আর শরীরী ভাষা দেখে এমনটা মনে না হওয়ার কোনো কারণ নেই। স্বাগতিকদের জয়ে সিরিজে এখন ১-১ সমতা।

লডারহিলে বাংলাদেশ সময় রবিবার ভোরে টসে জিতে ব্যাটিং করতে নেমে পাকিস্তান তুলেছিল ১৩৩ রান। সেই রান ওয়েস্ট ইন্ডিজ টপকেছে ২ উইকেট হাতে রেখে ম্যাচের শেষ বলে ৪ রানের সমীকরণ মিলিয়ে। শেষ ৫ ওভারে পাকিস্তান দল তুলেছে মাত্র ২৩ রান। এই সময়ে তারা একটাও বাউন্ডারি মারতে পারেনি। দলের হয়ে হাসান নওয়াজের ২৩ বলে ৪০ ও আগা সালমান করেন ৩৮ রান। ৮ ব্যাটার দুই অংকে যেতে পারেননি। জেসন হোল্ডার নেন ১৯ রানে ৪ উইকেট।

রান তাড়ায় নেমে দলীয় ৭ রান থেকে উইকেট হারাতে শুরু করে উইন্ডিজ। নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকা দলকে শেষ পর্যন্ত ব্যাট হাতে জয় এনে দেন জেসন হোল্ডার (১০ বলে ১৬) ও রোমারিও শেফার্ড (১১ বলে ১৫)। এই দুজন শেষ তিন ওভারে ৩৬ রানের সমীকরণ মিলিয়ে দেন। শেষ ওভারে প্রয়োজন ছিল ৮ রানের। শাহিন আফ্রিদি প্রথম ৫ বলে মাত্র ৪ রান দেন। ওভারের শেষ বলে বাউন্ডারি মেরে দলকে জেতান জেসন হোল্ডার।