চট্টগ্রামে বাসায় ঢুকে এক ব্যবসায়ীকে গুলি করে হত্যাচেষ্টা মামলার প্রধান আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (২ আগস্ট) রাত সাড়ে ১১টার দিকে নগরের মোহরা এলাকায় অভিযান চালিয়ে মো. নুরুল হক (২৭) নামের ওই যুবককে গ্রেপ্তার করা হয়। এর আগে গত ১ আগস্ট দিবাগত রাত ১১টার দিকে উত্তর মোহরা হাবিবুল্লাহ চৌধুরী রোড আকবর আলী সুকানীর বাড়িতে গুলির এ ঘটনা ঘটে।
গ্রেপ্তার নুরুল হক কক্সবাজারের নুনিয়ারছড়া শফি রহমানের বাড়ির মৃত মো. শফি উল্লাহর ছেলে। তিনি মোহরা এ এল খান স্কুলের পাশে ৮ নম্বর পুলের গোড়া রেলবিট এলাকায় থাকতেন।
পুলিশ জানায়, শুক্রবার (১ আগস্ট) রাত ১১টার দিকে উত্তর মোহরা এলাকার বালু ব্যবসায়ী মো. ইউনুছ খাঁন মোহরা কামাল বাজার এলাকা থেকে ব্যবসায়িক কাজ শেষে সিএনজি অটোরিকশা নিয়ে উত্তর মোহরা হাবিবুল্লাহ চৌধুরী রোড আকবর আলী সুকানীর বাড়ি এলাকায় যান। বসতঘরে ঢোকার পর তাকে অনুসরণ করে ২টি মোটরসাইকেল নিয়ে আসে মো. নুরুল হক ও তার সহযোগীরা। তারা ইউনুছ খাঁনকে লক্ষ্য করে পিস্তল দিয়ে এলোপাতাড়ি গুলি করে পালিয়ে যান।
গুলিবিদ্ধ ব্যবসায়ী ইউনুছ খাঁন চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। এ ঘটনায় চান্দগাঁও থানায় মামলা দায়ের করা হয়েছে।
চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আফতাব উদ্দিন জানান, ব্যবসায়ীকে গুলি করার ঘটনায় অভিযান চালিয়ে হত্যাচেষ্টায় জড়িত মূল আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। তার ব্যবহৃত অস্ত্র-গুলি উদ্ধারের চেষ্টা চলছে এবং অন্য সহযোগী আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত আছে।