ইউক্রেনের সরকারি কর্মকর্তারা গ্রেপ্তার

ইউক্রেনে এক পার্লামেন্ট সদস্য ও কয়েকজন সরকারি কর্মকর্তার বিরুদ্ধে ড্রোনসহ বিভিন্ন যুদ্ধ সরঞ্জাম কেনার সময় বড় ধরনের ঘুষ কেলেঙ্কারিতে জড়িত থাকার অভিযোগ পাওয়া গেছে। ইউক্রেনের দুর্নীতিবিরোধী সংস্থাগুলো গত শনিবার এই কেলেঙ্কারির তথ্য উদ্ঘাটনের পরপরই ওই কর্মকর্তাদের গ্রেপ্তার করা হয়েছে। এক বিবৃতিতে প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেন, সরবরাহকারীদের সঙ্গে চুক্তি স্বাক্ষরিত হয়েছে বাজারদরের চেয়ে ৩০ শতাংশ পর্যন্ত বেশি দামে। জেলেনস্কি জানান, এক এমপি, জেলা ও শহর প্রশাসনের প্রধানরা এবং ন্যাশনাল গার্ডের বেশ কয়েকজন সদস্য এই দুর্নীতিতে জড়িত বলে তথ্য পাওয়া গেছে।

সম্প্রতি জেলেনস্কির সরকার পার্লামেন্টে একটি বিল উত্থাপন করলে তা ব্যাপক বিরোধিতার মুখে পড়ে। বিলটিতে ইউক্রেনের জাতীয় দুর্নীতিবিরোধী ব্যুরো ও বিশেষ দুর্নীতিবিরোধী কৌঁসুলির কার্যালয়ের স্বাধীনভাবে কাজ করার সুযোগ বাতিলের প্রস্তাব করা হয়। তবে গত বৃহস্পতিবার দেশ জুড়ে বিক্ষোভের পর ইউক্রেনের দুর্নীতিবিরোধী সংস্থাগুলোকে স্বাধীনভাবে কাজ করার সুযোগ ফিরিয়ে দেওয়া হয়েছে। দেশটিতে দুর্নীতির অভিযোগে সরকারি কর্মকর্তা গ্রেপ্তারের অতীত নজির রয়েছে। ২০২৩ সালে এক যৌথ তদন্তের ভিত্তিতে ইউক্রেনের সুপ্রিম কোর্টের প্রধান ভসেভোলোদ কনিয়াজিয়েভের বিরুদ্ধে ৩০ লাখ ডলারের ঘুষ নেওয়ার অভিযোগ পাওয়ার পর তাকে গ্রেপ্তার করা হয়েছিল।

এদিকে, রাশিয়ার সোচি শহরের কাছে একটি বিশাল তেলের ডিপোতে ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটেছে। ইউক্রেনীয় ড্রোন হামলার কারণে এই আগুনের সূত্রপাত বলে অভিযোগ করেছেন রুশ কর্মকর্তারা। আঞ্চলিক গভর্নর ভেনিয়ামিন কন্দ্রাতিয়েভ বলেছেন, ড্রোনের ধ্বংসাবশেষ একটি জ্বালানি ট্যাংকে আঘাত করলে আগুন ধরে যায়। সোচির নিকটবর্তী বিমানবন্দরে ফ্লাইট স্থগিত রাখা হয়েছে। রুশ কর্র্তৃপক্ষ জানায়, সোচির পাশাপাশি রাশিয়ার আরও কয়েকটি শহর রিয়াজান, পেনজা ও ভোরোনেজ লক্ষ্য করে ড্রোন হামলা চালিয়েছে কিয়েভ। রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দাবি, শনিবার রাতেই তারা ৯৩টি ইউক্রেনীয় ড্রোন ভূপাতিত করেছে, যার মধ্যে ৬০টি ছিল কৃষ্ণসাগর অঞ্চলে।

অন্যদিকে, ইউক্রেনের জাপোরিঝিয়া পরমাণু কেন্দ্রের কাছে বিস্ফোরণ হয়েছে বলে জানিয়েছে আন্তর্জাতিক পারমাণবিক শক্তি সংস্থা (আইএইএ)। শনিবার সংস্থাটির পক্ষ থেকে এ তথ্য জানানো হয়। আইএইএর বরাত দিয়ে রয়টার্স জানায়, জাপোরিঝিয়া পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে অবস্থানরত তাদের একটি দল আশপাশে বিস্ফোরণের শব্দ শুনেছে এবং সেখান থেকে ধোঁয়া উঠতে দেখেছে।