ব্রাজিলের সাবেক প্রেসিডেন্ট জাইর বলসোনারোকে গৃহবন্দি করার নির্দেশ দিয়েছে দেশটির সুপ্রিম কোর্ট। মোবাইল ও সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারের নিষেধাজ্ঞা অমান্য করায় এই আদেশ দেওয়া হয়েছে তার বিরুদ্ধে। স্থানীয় সময় সোমবার এই রায় দেন সুপ্রিম কোর্ট বিচারপতি আলেক্সান্দ্রে ডি মোরায়েস। ২০২২ সালের প্রেসিডেন্ট নির্বাচনে হারার পর ক্ষমতা ধরে রাখতে অভ্যুত্থানের ষড়যন্ত্র করেছিলেন বলে অভিযোগ রয়েছে বলসোনারোর বিরুদ্ধে। ওই মামলায় বিচার চলছে তার।
বলসোনারোর বিরুদ্ধে বিচারকাজে বাধাগ্রস্ত করার অভিযোগ উঠলে গত মাসে তার পায়ে ইলেকট্রিক কড়া পরানোর নির্দেশ দেয় আদালত। সেই সঙ্গে সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারেও নিষেধাজ্ঞা দেওয়া হয়। তা অমান্য করে ছেলের সঙ্গে ফোনালাপ করেন বলসোনারো। রবিবার রিও ডি জেনিরোর সমাবেশে সেটি প্রচার করে তার মিত্ররা। এদিকে, ব্রাজিলের আদালতের আদেশের নিন্দা জানিয়েছে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর।