শেখ হাসিনার শেষ দিন ভারতেই কাটবে

ক্ষমতাচ্যুত হয়ে ভারতে আশ্রয় নেওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হয়তো দেশে ফিরিয়ে আনা সম্ভব হবে না বলে মনে করেন আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. আসিফ নজরুল। তিনি বলেছেন, ‘তার (শেখ হাসিনা) শেষ দিন ভারতেই কাটবে। তাকে বোধহয় আমরা কখনো পাব না।’

গতকাল মঙ্গলবার ‘রক্তাক্ত মহাসড়ক যাত্রাবাড়ী হত্যাকা-’ শীর্ষক একটি অনুসন্ধানী প্রামাণ্যচিত্রের প্রদর্শনীর উদ্বোধনী তিনি এ কথা বলেন। রাজধানীর কারওয়ান বাজারে প্রথম আলো কার্যালয়ে এ প্রদর্শনীর আয়োজন করা হয়। 

শেখ হাসিনার বিষয়ে আসিফ নজরুল বলেন, ‘মাঝে মাঝে মনে হয় জীবনের সবচেয়ে বড় শান্তির দিন থাকবে বিচারটা (মানবতাবিরোধী অপরাধের বিচার) যখন শেষ করতে দেখব। তবে, শেষ হওয়ার পরও শেষ হবে না। আমরা জানি প্রধান যে আসামি  (শেখ হাসিনা) আছে, প্রধান যে অপরাধী আছে আমরা ধারণা, আমি জানি না এভাবে বলা হয়তো ঠিক হচ্ছে না, তার (শেখ হাসিনা) শেষ দিন ভারতেই কাটবে। তাকে বোধহয় আমরা আর কখনো পাব না। কিন্তু বাংলাদেশের মানুষের মনে যে ঘৃণা নিয়ে সে বেঁচে থাকবে, সেটাও যদি আমাদের অর্জন হয়, সেটাও কম নয়। এত ঘৃণা মানুষের, এত কষ্ট, এত ক্ষোভ। এই ঘৃণা থেকে, ক্ষোভ থেকে, ক্রোধ থেকে আশা আছে, সংস্কারের মাধ্যমে এ রকম শাসক যেন এ দেশে আর তৈরি না হয়। আমরা চেষ্টা করছি, আমাদের চেষ্টার ত্রুটি নেই।’ 

শেখ হাসিনা ও জুলাই অভ্যুত্থানের সময় পুলিশের ভূমিকার কঠোর সমালোচনা করে আইন ও বিচার উপদেষ্টা বলেন, ‘পুলিশকে যে এ রকম একটা অমানুষ, বেপরোয়া, ভয়াবহ বাহিনীতে রূপান্তর করেছে, সে কত বড় অমানুষ। কত বড় অমানুষ হতে পারে সে। সম্ভবত ইসরায়েলিরা প্যালেস্টাইনের মানুষকে বোধহয় এভাবে মারে। একটা দেশের সুশৃঙ্খল বাহিনী, আমার ট্যাক্সের টাকায় চলা, তাকে (পুলিশ বাহিনী) ইসরায়েলি বাহিনীর মতো করে বাহিনী বানিয়েছে, যেন এভাবে খুন করতে পারে।’ তিনি বলেন, ‘আমরা যদি শেখ হাসিনার স্ট্যান্ডার্ডের বিচার করতাম তাহলে এই বিচার কিন্তু চার পাঁচ মাসে হয়ে যেত। কিন্তু আমরা সেটা করতে চাই না। আমরা সম্পূর্ণভাবে গ্রহণযোগ্য বিচার করতে চাই। ২০/ ৩০ বছর পরেও যেন এ বিচার নিয়ে প্রশ্ন না ওঠে।’