বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বলেন, ‘যারা আনুপাতিক প্রতিনিধিত্ব বা পিআর পদ্ধতিতে নির্বাচনের পক্ষে নয়, তাদের প্রতি জনগণের সমর্থন নেই। তাদের ভরসা শুধু মাস্তান আর চাঁদাবাজ বাহিনীর ওপর। এবারের নির্বাচন পিআর পদ্ধতি ছাড়া কোনোভাবেই গ্রহণযোগ্য হবে না, এবং কোনো সংস্কার ছাড়া জনগণ নির্বাচন মেনে নেবে না।’ গতকাল মঙ্গলবার জুলাই গণঅভ্যুত্থানের প্রথম বার্ষিকী উপলক্ষে রাজধানী ঢাকায় সমাবেশে অতিথির বক্তৃতায় এমন কথা বলেন তিনি।
দলটির ঢাকা মহানগরী উত্তরের উদ্যোগে মহাখালী রেলগেট এলাকায় একটি সমাবেশ ও গণমিছিল অনুষ্ঠিত হয়। সেখানে তাহের বলেন, ‘আওয়ামী লীগ এবং একটি-দুটি দল ছাড়া দেশের প্রায় সবাই এখন জুলাই মুক্তিযোদ্ধা। আওয়ামী লীগ এতটাই বিচ্ছিন্ন হয়ে পড়েছে যে তারা দিল্লি পর্যন্ত চলে গেছে। তারা আর ফিরে আসতে পারবে না।’
তিনি বলেন, ‘যারা নতুন স্বৈরাচার গড়ার চেষ্টা করবে, তাদের ক্ষমতায় আসতে দেওয়া হবে না। বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব নিয়ে জামায়াত কখনো আপস করেনি এবং করবে না। জামায়াত সবসময় টেকসই গণতন্ত্রের পক্ষে থাকবে।’
নির্বাচনব্যবস্থা প্রসঙ্গে তিনি বলেন, ‘দেশের ৫৪ বছরের ইতিহাসে একটি সুষ্ঠু নির্বাচনও হয়নি। ১৯৭৩ সাল থেকে শেখ হাসিনার সর্বশেষ নির্বাচন পর্যন্ত সব নির্বাচনেই ভোট ডাকাতি, কেন্দ্র দখল এবং দিনের ভোট রাতে করার ঘটনা ঘটেছে।’
সরকারের প্রধান উপদেষ্টার উদ্দেশে তাহের বলেন, ‘আপনি জনগণকে প্রতিশ্রুতি দিয়েছেন যে সংস্কার ছাড়া নির্বাচন দেবেন না। এখন যদি আপনি নির্বাচনের তারিখ ঘোষণা করেন, তবে তা হবে জনগণের সঙ্গে বিশ্বাসঘাতকতা। আপনি রাজপথের আন্দোলনে ছিলেন না। আমাদের রক্ত ও লাশের বিনিময়ে আপনাকে ক্ষমতায় বসানো হয়েছে। যদি আপনি আরেকটি স্বৈরাচারকে সহায়তা করেন, তাহলে জনগণ আপনাকে আর গ্রহণ করবে না।’
তিনি আরও বলেন, ‘এই দেশের জনগণ বিএনপি ও আওয়ামী লীগের শাসন দেখেছে। তারা ব্যর্থ হয়েছে এবং পালিয়ে গেছে। এবার জামায়াতকে একটি সুযোগ দিন। আমরা ৫৪ বছরের দুর্নীতির ইতিহাস মুছে দেব।’
কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের আমির মোহাম্মদ সেলিম উদ্দিনের সভাপতিত্বে এবং কেন্দ্রীয় কর্মপরিষদের সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের সেক্রেটারি ড. মুহাম্মদ রেজাউল করিমের পরিচালনায় সমাবেশে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মজলিসে শুরার সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের সহকারী সেক্রেটারি মাহফুজুর রহমান, নাজিম উদ্দীন মোল্লা, ডা. ফখরুদ্দীন মানিক ও ইয়াছিন আরাফাতসহ অন্য নেতারা।
অন্যদিকে, একই দিন সকালে রাজধানীর পল্টন মোড়ে সমাবেশ করেছে জামায়াত ঢাকা মহানগরী দক্ষিণের নেতাকর্মীরা। এতে সভাপতিত্ব করেন দক্ষিণের আমির মো. নূরুল ইসলাম বুলবুল। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দলটির সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার। সমাবেশটি পরিচালনা করেন দক্ষিণের সেক্রেটারি ড. শফিকুল ইসলাম মাসুদ। সমাবেশ শেষে একটি বিশাল গণমিছিল পল্টন মোড় থেকে শুরু হয়ে প্রেস ক্লাব ও মৎস্য ভবন হয়ে শাহবাগে গিয়ে সমাপ্ত হয়। মিছিলে জামায়াতে ইসলামীর সর্বস্তরের নেতাকর্মীরা অংশ নেন।