ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এক ঘণ্টা যান চলাচল বন্ধ, ১০ কিলোমিটার যানজট

‘তোর খসড়া তুই নে, আমার ঠিকানা ফিরিয়ে দে’—এ স্লোগান তুলে কুমিল্লা-৯ (সাবেক) আসন পুনর্বহালের দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন এলাকাবাসী। বুধবার (৬ আগস্ট) বিকেলে কুমিল্লার পদুয়ার বাজার বিশ্বরোড এলাকায় এই কর্মসূচি পালন করে ‘সাবেক কুমিল্লা-৯ নির্বাচনীয় এলাকা পুনর্বহাল বাস্তবায়ন পরিষদ’। এতে সদর দক্ষিণ, লালমাই ও কুমিল্লা মহানগর দক্ষিণের নানা শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

এদিন বিকেল ৪টা ৩০ থেকে ৫টা ৪০ মিনিট পর্যন্ত এক ঘণ্টা মহাসড়কে যান চলাচল বন্ধ থাকে। এতে প্রায় ১০ কিলোমিটারজুড়ে যানজট তৈরি হয়। বিক্ষোভকারীদের হাতে থাকা ব্যানারে লেখা ছিল, ‘আমার ঠিকানা ফিরিয়ে দাও’, ‘আমার আসন ফিরিয়ে দাও’, ‘বিভাজন নয়, ঐক্য চাই’।

জানা যায়, নির্বাচন কমিশন সম্প্রতি দেশের ৩৯টি সংসদীয় আসনের সীমানা পুনর্নির্ধারণের খসড়া প্রকাশ করে। এর আওতায় কুমিল্লার তিনটি আসনেও পরিবর্তন আনা হয়েছে। সাবেক কুমিল্লা-৯ আসনের ভৌগোলিক কাঠামো ভাঙার প্রস্তাব নিয়ে ব্যাপক ক্ষোভ সৃষ্টি হয়েছে স্থানীয়দের মধ্যে।

সমাবেশে সভাপতিত্ব করেন সর্বদলীয় সংগ্রাম কমিটির আহ্বায়ক অ্যাডভোকেট আখতার হোসেন। তিনি বলেন, এই খসড়া বাতিল না করা হলে বৃহত্তর আন্দোলনের ডাক দেওয়া হবে।

সমাজসেবক জহিরুল হক চৌধুরী বলেন, এটা শুধু একটি আসনের বিষয় নয়, এটি আমাদের অস্তিত্বের লড়াই। সাবেক কুমিল্লা-৯ আসন ফিরিয়ে দিতে হবে। না হয় কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেওয়া হয়।

সমাবেশে অন্যানদের মধ্যে বক্তব্য দেন সমাজসেবক জহিরুল হক চৌধুরী, সাবেক চেয়ারম্যান আমান উল্লাহ আমান, ইউসুফ আলী মীর পিন্টু, ওমর ফারুক চৌধুরী, ইসমাইল মজুমদার, হানিফ মিয়া, সোহেল মজুমদার, নাজমুল হাসান রনি, ছাত্রদল নেতা নূর মোহাম্মদ প্রমুখ।

সমাবেশ থেকে জানানো হয়, আগামী ১২ আগস্ট লালমাই ও ১৩ আগস্ট সদর দক্ষিণে বিএনপির উদ্যোগে বৃহৎ জনসভা অনুষ্ঠিত হবে।