কোরআনে বর্ণিত হলুদ গাভির কাহিনি

কোরআনের সবচেয়ে দীর্ঘতম সুরার নাম বাকারা। এই সুরার নাম একটি গাভির নামানুসারে রাখা হয়েছে, যা প্রথমে শুনলে অনেকেই বিস্মিত হতে পারেন। কেন একটি গাভিকে ঘিরে গোটা সুরার নামকরণ? এর পেছনে রয়েছে এক শিক্ষামূলক কাহিনি, যা মানবজাতির জন্য যুগে যুগে অনুসরণীয় এক নৈতিক পাঠ।

এই কাহিনির সূচনা এক হত্যাকাণ্ডের মধ্য দিয়ে। বনি ইসরাইলের এক ব্যক্তি খুন হয়ে যান। কে তাকে হত্যা করেছে, তা কেউ জানত না। হত্যার ঘটনাটি জাতির মধ্যে দ্বন্দ্ব, সন্দেহ ও বিশৃঙ্খলা সৃষ্টি করে। একপক্ষ আরেক পক্ষকে দোষারোপ করে। পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। তখন বিচার ও সত্য উদঘাটনের উদ্দেশে তারা নবী মুসা (আ.)-এর আশ্রয় নেয়। মুসা (আ.) আল্লাহর কাছে প্রার্থনা করেন এবং আল্লাহর পক্ষ থেকে নির্দেশ আসে, ‘তোমরা একটি গাভি জবাই করো।’

গাভি জবাইয়ের আদেশে বনি ইসরাইলের লোকেরা বিস্মিত হয়। তারা বলে, ‘তুমি কি আমাদের সঙ্গে ঠাট্টা করছ?’ মুসা (আ.) বলেন, ‘আমি আল্লাহর কাছে আশ্রয় চাই যে, আমি অজ্ঞদের অন্তর্ভুক্ত হব না।’ অথচ আল্লাহর এই সরল নির্দেশ তারা সহজভাবে গ্রহণ করেনি। বরং তারা একের পর এক প্রশ্ন করতে থাকে যে, গাভিটি কেমন হবে, কী বয়সের হবে, রঙ কী হবে, কাজ করে কি না, তাতে কোনো দাগ আছে কি না। এভাবে তারা নিজেরাই নিজেদের জন্য কাজটিকে কঠিন করে তোলে।

আল্লাহর পক্ষ থেকে বিস্তারিত গাভির বৈশিষ্ট্য জানিয়ে দেওয়া হয়। গাভিটি হবে না বুড়ি, না কচি, বরং মাঝ বয়সী। গাঢ় হলুদ রঙের, কৃষিকাজে ব্যবহৃত হয়নি, কোনো ত্রুটি নেই এমন নির্ভেজাল গাভি। এ রকম একটি গাভি পাওয়া সহজ ছিল না। বহু খোঁজাখুঁজির পর তারা জানতে পারে, এমন একটি গাভি রয়েছে এক বৃদ্ধার কাছে, যে কয়েকজন এতিম শিশুর অভিভাবক। এই গাভি ছাড়া তাদের চলবে না। তিনি গাভির মূল্য কয়েকগুণ বাড়িয়ে দেন। বাধ্য হয়ে বনি ইসরাইল সেই চড়া মূল্যে গাভিটি কিনে নেয় এবং অবশেষে জবাই করে।

এরপর মুসা (আ.) বলেন, গাভির একটি অঙ্গ দিয়ে নিহত ব্যক্তির শরীরে আঘাত করো। তারা তেমনই করে। আল্লাহর কুদরতে মৃত ব্যক্তি জীবিত হয়ে ওঠেন এবং জানিয়ে দেন, কে তাকে হত্যা করেছে। এরপর তিনি আবার মৃত্যুবরণ করেন।

বর্ণনা অনুযায়ী, হত্যাকারী ছিল নিহতের ভাই বা ভাতিজা কিংবা উত্তরাধিকারপ্রত্যাশী কেউ, যে সম্পদের লোভে এই জঘন্য কাজটি করেছিল। কেউ কেউ বলেন, হত্যাকারী নিজেই মুসা (আ.)-এর কাছে বিচারপ্রার্থী সেজে এসেছিল, যেন সন্দেহ অন্যদের দিকে যায়। আবার একটি বর্ণনা অনুযায়ী, এক যুবক তার চাচাকে হত্যা করে তার সম্পদ ও কন্যাকে লাভ করতে চেয়েছিল।

এই কাহিনির মূল শিক্ষা হলো, আল্লাহর আদেশে কোনো জটিলতা সৃষ্টি না করে সরলভাবে পালন করা উচিত। বনি ইসরাইল গাভি জবাইয়ের আদেশে প্রশ্ন ও টালবাহানা করে নিজেদের জন্য কাজটিকে কঠিন করে তোলে। আল্লাহ প্রথমে তাদের জন্য সহজ পথ রেখেছিলেন, কিন্তু তারা নিজেদের ওপর কঠোরতা আরোপ করায় শেষ পর্যন্ত চড়া মূল্য দিয়ে তা পালন করতে হয়। অথচ প্রথমে যে কোনো গাভি জবাই করলেই হতো।

আরেকটি দিক হলো, আল্লাহর অসীম কুদরত। তিনি চাইলে মৃতকে জীবিত করতে পারেন, অদৃশ্যকে দৃশ্যমান করে দিতে পারেন। গাভির অঙ্গ দিয়ে মৃতকে জীবিত করা মানব যুক্তির বাইরে হলেও আল্লাহর জন্য তা সহজ। এই কাহিনির মাধ্যমে এ কথাটিও প্রতিষ্ঠিত হয়, সত্যকে যতই আড়াল করা হোক, আল্লাহর ইচ্ছায় তা প্রকাশ হবেই।

এই কাহিনি থেকে আরেকটি বিষয় বোঝা যায়, এগুলোর লক্ষ্য পাঠককে চমকে দেওয়া নয়, বরং নৈতিক, আত্মিক ও সামাজিক দৃষ্টিকোণ থেকে গভীর শিক্ষার বার্তা দেওয়া। বনি ইসরাইলের এই গল্প আমাদের শেখায়, আদেশ পালনে জটিলতা সৃষ্টি নয়, বরং আল্লাহর প্রতি আস্থা ও সরলতা অবলম্বন করাই প্রকৃত প্রজ্ঞা।