পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের মুক্তি দাবিতে দেশটিতে ব্যাপক বিক্ষোভ চলছে। আগামী ১৪ আগস্ট পাকিস্তানের স্বাধীনতা দিবসকে ঘিরে এ বিক্ষোভের ডাক দিয়েছে তার দল তেহরিক-ই-ইনসাফ (পিটিআই)। গতকাল বুধবার পাকিস্তানের গণমাধ্যম জিও নিউজের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। সেখানে বলা হয়েছে, মঙ্গলবার মধ্যরাতে খাইবার পাখতুনখোয়া প্রদেশের সোয়াবিতে আয়োজিত এক সমাবেশে আবারও ইমরানের মুক্তির দাবিতে বিক্ষোভের ঘোষণা দেন পিটিআইয়ের জ্যেষ্ঠ নেতা ও জাতীয় পরিষদের সাবেক স্পিকার আসাদ কায়সার। তিনি বলেন, ১৪ আগস্ট স্বাধীনতা দিবসে ইমরান খানের মুক্তির দাবিতে দ্বিতীয় ধাপের বিক্ষোভ শুরু হবে। এরপর আমরা সিন্ধু প্রদেশে বিক্ষোভ করব।
দুই বছরেরও বেশি সময় ধরে কারাগারে বন্দি আছেন ইমরান খান। ২০২৩ সালের ৫ আগস্ট গ্রেপ্তার হন তিনি। কারাবরণের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে ইমরানের মুক্তির দাবি জানিয়ে মঙ্গলবার পথে নামেন পিটিআইয়ের নেতাকর্মীরা। এসব বিক্ষোভ থেকে অন্তত দেড় শতাধিক নেতাকর্মীকে আটক করে পুলিশ। কর্র্তৃপক্ষ জানিয়েছে, মঙ্গলবার গভীররাত এবং ভোরবেলা প্রায় ১২০ জন বিক্ষোভকারীকে আটক করা হয়। বাকিরা পাঞ্জাব প্রদেশের লাহোর থেকে আটক হয়েছেন। লাহোরের এক আদালতের বাইরে পাকিস্তান পিটিআইয়ের প্রায় ২০০ সমর্থক ‘ইমরান খানের মুক্তি চাই’ সেøাগান দিতে থাকেন। সে সময় শহর জুড়ে আরও ছোট ছোট একাধিক দল বিক্ষোভ আয়োজন করেছিল।
পুলিশের উপমহাপরিদর্শক ফয়সাল কামরান রয়টার্সকে বলেছেন, রাস্তা অবরোধের চেষ্টাকালে ৩৬ জনের মতো কর্মীকে গ্রেপ্তার করা হয়। পিটিআই মুখপাত্র জুলফিকার বুখারির দাবি, এক লাহোর থেকেই দুই শতাধিক কর্মীকে আটক করা হয়েছে। বিক্ষোভ মোকাবিলায় সরকার বিভিন্ন জেলায় ১৪৪ ধারা জারি করে। গ্রেপ্তারকৃতদের মধ্যে পাঞ্জাব প্রাদেশিক পরিষদের সাত সদস্যও ছিলেন। এদিকে, আন্দোলন ঠেকাতে রাওয়ালপিন্ডিতে ১০ আগস্ট পর্যন্ত ১৪৪ ধারা জারি করা হয়েছে। অন্যদিকে, পূর্বনির্ধারিত কর্মসূচি পালন করতে না পারায় রাজধানী ইসলামাবাদে সড়ক অবরোধের ঘোষণা দিয়েছে পিটিআই।