আগামীকাল শুক্রবার যুগপৎ আন্দোলনের মিত্র ১২-দলীয় জোটের শীর্ষ নেতাদের সঙ্গে বৈঠক করবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। গতকাল বুধবার দুপুরে ১২-দলীয় জোটের প্রধান ও জাতীয় পার্টির (জাফর) চেয়ারম্যান মোস্তফা জামাল হায়দার এ তথ্য জানান।
রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে ইউনাইটেড লিবারেল পার্টির (ইউএলপি) আত্মপ্রকাশ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন, ‘আগামী শুক্রবার বেলা ৩টায় রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে বৈঠক অনুষ্ঠিত হবে। তারেক রহমান লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হবেন।’ তিনি বলেন, ‘মঙ্গলবার অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস নির্বাচনের সময়সীমা ঘোষণার পর ১২-দলীয় জোটের সঙ্গে এটি তারেক রহমানের প্রথম বৈঠক হবে।’
নির্বাচনের সময়সূচি ঘোষণার জন্য প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে ধন্যবাদ জানিয়ে মোস্তফা জামাল বলেন, ‘কিছুদিন আগে আমি বলেছিলাম, সরকার চার-পাঁচ দিনের মধ্যে নির্বাচনের তারিখ ঘোষণা করবে। আল্লাহর অশেষ রহমতে প্রধান উপদেষ্টা জাতির উদ্দেশে দেওয়া ভাষণে সেই প্রতিশ্রুতি বাস্তবায়ন করেছেন। এজন্য তাকে আবারও ধন্যবাদ। তবে ষড়যন্ত্র থামেনি। আশা করি, দেশের গুরুত্বপূর্ণ বিষয়গুলোর সমাধান হবে।’
তিনি বলেন, ‘দেশের রাজনৈতিক সংস্কৃতিতে ঐক্যবদ্ধ থাকা বিভিন্ন কারণে সম্ভব হয় না। অনেক দল বহু বিভক্ত। এটি ভালো কথা নয়। ঐক্যের বিপরীতে বিভাজনের রাজনীতি বাংলাদেশকে গ্রাস করেছে। তবে আমরা সবাই মিলে একসঙ্গে পথ চলতে চাই। ইউএলপি নামে নতুন দলটি অত্যন্ত উৎসাহী উদ্যোগ। ৫ আগস্টের চেতনার মধ্য দিয়েই এর যাত্রা শুরু হয়েছে।’
সভাপতির বক্তব্যে ইউএলপির চেয়ারম্যান মো. আমিনুল ইসলাম বলেন, ‘শেখ হাসিনার স্বৈরাচারের নির্যাতন-নিপীড়নের শিকার হয়েছি, কিন্তু রাজপথ ছাড়িনি। হামলার শিকার হয়েছি, জেল খেটেছি, তবু বিএনপি ও ১২-দলীয় জোটের আন্দোলনে সক্রিয় ছিলাম এবং আছি, আগামীতেও থাকব।’
মো. আমিনুল ইসলামের সভাপতিত্বে ও সিনিয়র ভাইস চেয়ারম্যান মো. হুমায়ূন কবিরের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ১২-দলীয় জোটের সদস্য ও বাংলাদেশ জাতীয় দলের চেয়ারম্যান সৈয়দ এহসানুল হুদা, নয়া গণতান্ত্রিক পার্টির চেয়ারম্যান মাস্টার এমএ মান্নান, বাংলাদেশ কল্যাণ পার্টির মহাসচিব আবু হানিফ, জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের মহাসচিব ড. গোলাম মহিউদ্দিন ইকরাম প্রমুখ।