আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের অর্থ বরাদ্দের ক্ষেত্রে কার্পণ্য করা হবে না বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ। গতকাল বুধবার সরকারি ক্রয়সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠক শেষে তিনি সাংবাদিকদের এ কথা বলেন।
অর্থ উপদেষ্টা বলেন, জাতীয় সংসদ নির্বাচনের জন্য আগেই যে অর্থ বরাদ্দ দেওয়া হয়েছিল, তা ব্যবহারে সরকার প্রস্তুত রয়েছে। সেখানে আমরা কোনো কার্পণ্য করব না।
ক্রয় কমিটির বৈঠকের বিষয়ে তিনি বলেন, চট্টগ্রাম বন্দরে কনটেইনার হ্যান্ডেলিংয়ের বিষয়ে অর্থনৈতিক বিষয়সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠকে নীতিগত অনুমোদন দেওয়া হয়েছে। এ ছাড়া ডিএপি ও ইউরিয়া সার এবং এলএনজি কেনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তিনি বলেন, এলএনজি এলে আমরা হয়তো সারের সরবরাহ বাড়াতে পারব।
এ সময় শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেন বলেন, এনবিআরকে অত্যাবশ্যকীয় সেবা ঘোষণা করে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। বন্দরের স্থবিরতা নিয়ে তিনি বলেন, পণ্য পরিবহন পুরোপুরি বন্ধ ছিল না। পণ্য যা বন্দরে ঢুকেছে সেগুলো এখন জাহাজীকরণ হবে। ক্ষতির পরিমাণ এখনো নিরূপণ করা হয়নি, তবে খুব বেশি ক্ষতি হয়নি।