কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগের সচিব ড. খ. ম কবিরুল ইসলাম বলেছেন, দেশে শিক্ষার হার বাড়লেও বেকারত্বও বেড়েছে। এই চিত্র বদলাতে হলে কারিগরি শিক্ষার বিকল্প নেই। কারিগরি শিক্ষায় শিক্ষিত কেউ আর বেকার থাকছে না। কারিগরি শিক্ষার মাধ্যমে দেশ এগিয়ে যাবে।
শুক্রবার (৮ আগস্ট) কুমিল্লা শিল্পকলা একাডেমিতে আয়োজিত এক সেমিনারে এসব কথা বলেন তিনি। কারিগরি শিক্ষা বোর্ড পরিচালিত কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা ও প্রশিক্ষণের সুফল নিয়ে এই সেমিনারের আয়োজন করা হয়।
সচিব কবিরুল ইসলাম বলেন, আমরা দেশের জনসংখ্যাকে জনসম্পদে রূপান্তরের জন্য কাজ করছি। এর জন্য ইন্ডাস্ট্রি ও একাডেমিয়ার মধ্যে সেতুবন্ধন তৈরি করতে হবে।
তিনি আরো বলেন, কারিগরি অঙ্গনকে এগিয়ে নিতে সরকার নানামুখী পদক্ষেপ নিয়েছে। শিক্ষার্থীদের কারিগরিমুখী করতে আপনাদের সক্রিয় সহযোগিতা প্রয়োজন।
শহীদ ছাত্র আনাস প্রসঙ্গে সচিব বলেন, আনাসের চিঠিকে আমি এক পৃষ্ঠার মহাকাব্য বলবো। এতে সবকিছু আছে। তার এই চিঠি নাইন-টেনের পাঠ্য বইয়ে কবিতা আকারে অন্তর্ভুক্ত হওয়া উচিত। নতুন শিক্ষাবর্ষে যেন এটি বইয়ে অন্তর্ভুক্ত হয়- এ বিষয়ে আমি শিক্ষা উপদেষ্টার সঙ্গে কথা বলব।
সেমিনারে আরও উপস্থিত ছিলেন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের সচিব মো. নজরুল ইসলাম, কুমিল্লা জেলা প্রশাসক মো. আমিরুল কায়ছার, কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগের উপসচিব মোহাম্মদ মিকাইল, কারিগরি শিক্ষা অধিদপ্তরের আঞ্চলিক পরিচালক কাজী ফারুক আহমদ, কারিগরি শিক্ষা বোর্ডের পরিচালক (কারিকুলাম) মো. আনোয়ারুল কবির এবং কুমিল্লা পলিটেকনিক ইন্সটিটিউটের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাজহারুল ইসলাম চৌধুরী।
সভাপতিত্ব করেন বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রকৌশলী মো. রুহুল আমিন।
সেমিনারে বৃহত্তর কুমিল্লার বিভিন্ন জেলা ও উপজেলা পর্যায়ের কর্মকর্তা, শিক্ষা প্রতিষ্ঠান প্রধান, ইমাম এবং গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।