শুল্ক বিরোধ না মিটলে আলোচনা নয় : ট্রাম্প

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, শুল্ক সংক্রান্ত বিরোধ নিষ্পত্তি না হওয়া পর্যন্ত ভারতের সঙ্গে কোনো বাণিজ্য আলোচনা হবে না। বৃহস্পতিবার হোয়াইট হাউজে তিনি এ কথা বলেন বলে জানিয়েছে ভারতীয় বার্তা সংস্থা এএনআই। রাশিয়ার কাছ থেকে তেল কেনার সিদ্ধান্ত নেওয়ায় সম্প্রতি ভারতীয় পণ্যের ওপর দ্বিগুণ শুল্ক আরোপ করেছে যুক্তরাষ্ট্র। ভারতের ওপর ৫০ শতাংশ শুল্ক আরোপের পর বাণিজ্য আলোচনা হবে কি না এই প্রশ্নের উত্তরে ট্রাম্প বলেন যতক্ষণ পর্যন্ত এটার (শুল্ক) সমাধান না হয়, ততক্ষণ না। ভারতীয় পণ্যের ওপর অতিরিক্ত ২৫ শতাংশ শুল্ক আরোপ করে হোয়াইট হাউজ বুধবার একটি নির্বাহী আদেশ জারি করে। এর ফলে মোট শুল্ক হার দাঁড়িয়েছে ৫০ শতাংশে। ট্রাম্প প্রশাসন বলছে, ভারতের রাশিয়ান তেল আমদানি ‘জাতীয় নিরাপত্তা এবং বৈদেশিক নীতির’ জন্য হুমকি তৈরি করছে।

যুক্তরাষ্ট্রের কর্মকর্তাদের মতে, প্রাথমিক ২৫ শতাংশ শুল্ক ৭ আগস্ট থেকে কার্যকর হয়েছে। অতিরিক্ত শুল্ক ২১ দিনের মধ্যে কার্যকর হবে এবং যেসব ভারতীয় পণ্য আমেরিকার বন্দরগুলোতে প্রবেশ করছে, সেগুলোর ওপর প্রযোজ্য হবে। তবে যেসব পণ্য ইতিমধ্যে যাত্রাপথে রয়েছে অথবা কিছু নির্দিষ্ট বিভাগে পড়ছে, সেগুলোর জন্য ছাড় থাকবে। পরিস্থিতি বিবেচনায় এই শুল্ক ব্যবস্থা পরিবর্তনের সুযোগ রাখা হয়েছে।

এই উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মধ্যেই রাশিয়ার প্রেসিডেন্ট ভøাদিমির পুতিন বৃহস্পতিবার ক্রেমলিনে ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা এবং প্রধানমন্ত্রী মোদির প্রধান নিরাপত্তা কর্মকর্তা অজিত দোভালের সঙ্গে বৈঠক করেছেন। বৈঠকে আরও উপস্থিত ছিলেন রাশিয়ার নিরাপত্তা পরিষদের সচিব সের্গেই শোইগু এবং প্রেসিডেন্টের সহকারী ইউরি উশাকভ। ভারতের পক্ষে অংশ নেন রাশিয়ায় নিযুক্ত ভারতীয় রাষ্ট্রদূত বিনয় কুমার। দোভাল বলেন, এই বৈঠক একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে কাজ করেছে। এগুলো আমাদের সম্পর্ককে নতুন দিকনির্দেশনা দিয়ে এসেছে বারবার।

এদিকে, ভারতে দেওয়া পোশাকের ক্রয়াদেশ স্থগিত করছে ওয়ালমার্ট, অ্যামাজন, টার্গেট ও গ্যাপসহ যুক্তরাষ্ট্রের বিভিন্ন বড় ব্র্যান্ড। ভারতীয় পণ্যের ওপর ৫০ শতাংশ শুল্ক আরোপের পর দেশটির সরবরাহকারীদের দেওয়া তৈরি পোশাকের ক্রয়াদেশ স্থগিত করেছে এসব ব্র্যান্ড।