ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর বিরুদ্ধে মাদক পাচারের অভিযোগ এনেছে যুক্তরাষ্ট্র। ওই অপরাধ সূত্রে মাদুরোকে ধরিয়ে দিতে পুরস্কারের পরিমাণ দ্বিগুণ করেছে যুক্তরাষ্ট্র। গতকাল শুক্রবার এএফপি জানায়, পুরস্কারের মূল্যমান আড়াই কোটি থেকে দ্বিগুণ করে পাঁচ কোটি করেছে ওয়াশিংটন। গত দুই নির্বাচনে মাদুরোর জয়লাভের স্বীকৃতি দেয়নি যুক্তরাষ্ট্র। তাদের অভিযোগ, লাতিন আমেরিকার দেশটির প্রেসিডেন্ট নিজেই কোকেন পাচার চক্রের নেতৃত্ব দেন। অ্যাটর্নি জেনারেল প্যাম বন্ডি বলেন, বিচার বিভাগ ও পররাষ্ট্র দপ্তর নিকোলাস মাদুরোকে গ্রেপ্তারে সহায়ক হতে পারে এমন তথ্য দেওয়ার জন্য পুরস্কারের পরিমাণ বাড়িয়ে ৫০ মিলিয়ন ডলার করার ঘোষণা দিচ্ছে। তিনি বিশ্বের সবচেয়ে বড় মাদক-পাচারকারীদের অন্যতম এবং আমাদের জাতীয় নিরাপত্তার প্রতি হুমকি।
এ বছরের জানুয়ারিতে মাদুরোকে ধরিয়ে দিতে ২৫ মিলিয়ন ডলার পুরস্কার ঘোষণা করে ওয়াশিংটন। ভেনেজুয়েলার পররাষ্ট্রমন্ত্রী ইভান জিল বলেন, এটি ‘দুর্ভাগ্যজনক এবং একটি হাস্যকর প্রচেষ্টা’।