অসুস্থ মাকে দেখে হাসপাতাল থেকে ফেরার পথে প্রথমে বাসের ধাক্কায় পরে ট্রাকচাপায় প্রাণ হারিয়েছেন দুই ভাই মো. আকাশ (২৫) ও মো. আরিফ (২১)। এর মধ্যে আকাশ ঘটনাস্থলেই মারা যান, আরিফ হাসপাতালে নেওয়ার পর মারা যান। গতকাল শনিবার রাত সাড়ে ১২টার দিকে ঢাকা-বগুড়া মহাসড়কের ফটকি ব্রিজের পাশে প্রয়াস স্কুলের সামনে এ দুর্ঘটনা ঘটে।
দুই ভাই বগুড়ার শেরপুর উপজেলার গাড়ীদহ ইউনিয়নের বনমরিচা গ্রামের হযরত আলীর ছেলে। দুর্ঘটনা আহতরা হলেন একই গ্রামের মৃত আমজাদ সরকারের ছেলে আব্দুল আজিজ (৩৮), আব্দুল বারির ছেলে পলাশ (৩৫) ও মৃত আমজাদ সরকারের ছেলে হায়দর আলী (৫০)।
প্রত্যক্ষদর্শীরা জানান, বগুড়া থেকে শেরপুরগামী সিএনজি শাজাহানপুর উপজেলার ফটকি ব্রিজের পাশে প্রয়াস স্কুলের সামনে পৌঁছালে প্রথমে একটি বাস এসে ধাক্কা দেয়, এতে সিএনজি উল্টে যায়। পরে, পেছনে থাকা ট্রাক সিএনজিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই আরিফ নিহত হন। এতে সিএনজিতে থাকা আরও চারজন আহত হন। গুরুতর আহত অবস্থায় চারজনকে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
শাজাহানপুর থানার ওসি শফিকুল ইসলাম বলেন, দুর্ঘটনার পরপরই ফায়ার সার্ভিস ও স্থানীয়দের সহযোগিতায় উদ্ধার অভিযান চালানো হয়। নিহত দুই ভাইয়ের মৃতদেহ এলাকায় পৌঁছালে এক হৃদয়বিদারক দৃশ্যের অবতারণা হয়।