রাস্তা সংস্কারের দাবিতে নাজিরপুরে গণসংহতি আন্দোলনের মানববন্ধন 

পিরোজপুর জেলার নাজিরপুর উপজেলার অভ্যন্তরীণ সকল রাস্তা সংস্কারের দাবিতে মানববন্ধন করেছে গনসংহতি আন্দোলন নাজিরপুর উপজেলা শাখা। রবিবার (১০ আগষ্ট)  সকাল ১১টায় উপজেলা পরিষদ গেটে মানববন্ধন অনুষ্ঠিত হয়।

গনসংহতি আন্দোলন নাজিরপুর উপজেলা শাখার আহ্বায়ক ইয়ার আলী শেখের সভাপতিত্বে আয়োজিত মানববন্ধনে বক্তব্য দেন গনসংহতি আন্দোলন বরিশাল বিভাগের প্রধান সমন্বয়কারী দেওয়ান আব্দুর রশিদ নিলু, বিভাগের সহ-সমন্বয়ক রুবিনা ইয়াসমিন, বরিশাল জেলার সদস্য  মারুফ আহম্মেদ সহ প্রমুখ। 

বক্তারা বলেন, নাজিরপুর উপজেলার অভ্যন্তরীন সকল রাস্তা চলাচলের জন্য প্রায় অনুপযোগী। বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে এইসব রাস্তা টেন্ডারের মাধ্যমে সংস্কারের কথা থাকলেও কিছু অসাধু চক্র টেন্ডারে বরাদ্দকৃত অর্থের সিংহভাগ টাকা অফিসের সাথে আঁতাত করে তুলে নিয়ে রাস্তার কাজ অসমাপ্ত রাখে। বিশেষ করে বুইচাকাঠী টেম্পো স্ট্যান্ড থেকে খেজুরতলা পর্যন্ত ১২ কিলোমিটার রাস্তা ও নাজিরপুর সদর হতে বৈঠাকাটা পর্যন্ত ১৭ কিলোমিটার রাস্তা সম্পুর্ন বেহাল অবস্থায় পরে আছে। এই রাস্তা দুটি চলাচলের জন্য প্রায় অনুপযোগী। নাজিরপুর উপজেলার ৩টি গুরুত্বপূর্ণ ইউনিয়নের হাজার হাজার মানুষের চলাচলের একমাত্র রাস্তা নাজিরপুর বৈঠাকাটা সড়ক। বিশেষ করে দেউলবাড়ী দোবরা ও কলারদোয়ানিয়া ইউনিয়নের কৃষকেরা বছরজুড়ে শাকসবজি উৎপাদন করেন। এখানকার বিখ্যাত  ভাসমান সবজি ক্ষেতের উৎপাদিত বিভিন্ন সবজি ঢাকাসহ বিভিন্ন শহরে পাঠানো হয়। সড়কের বেহাল দশার কারনে সবজি পরিবহনে কৃষকদের ভোগান্তির শিকার হতে হয়।

বক্তারা অনতিবিলম্বে এই ২টি রাস্তাসহ নাজিরপুর উপজেলার অন্তর্গত সকল রাস্তা সংস্কারের জোর দাবি জানান। দাবি মানা না হলে পরবর্তীতে এলাকাবাসীকে নিয়ে আরও কঠোর কর্মসূচি দেয়া হবে বলে হুশিয়ারি প্রদান করেন তারা।