জিম্বাবুয়ের হারারেতে ত্রিদেশীয় যুব সিরিজের ফাইনালে রিজন হোসেনের ৯৫ রানের ইনিংসে ভর করে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ৫ উইকেটে ২৬৯ রানের পুঁজি পেয়েছে বাংলাদেশ। এছাড়া কালাম সিদ্দিকী আলিন খেলেন ৬৫ রানের ইনিংস।
রাউন্ড রবিন লিগে তিনবার দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হয়ে দুইবার জয় পেয়েছিল বাংলাদেশ। আজ টস জিতে বাংলাদেশকে আগে ব্যাটিংয়ে পাঠায় প্রোটিয়ারা। শুরুটা অবশ্য মনের মতো হয়নি বাংলাদেশের। ১৯ ওভারের মধ্যে বোর্ডে ৬৫ রান তুলতেই সাজঘরে ফিরে যান দুই ওপেনার জাওয়াদ আবরার, রিফাত বেগ ও অধিনায়ক আজিজুল হাকিম তামিম।
তবে চতুর্থ উইকেটে বাংলাদেশের হাল ধরেন আলিন ও রিজন। ১১৭ রানের জুটি গড়েন দুজন মিলে। ৭৫ বলে ৬ চারে ৬৫ রান করে আলিন আউট হলে ভাঙে সেই জুটি। এর পর রিজনকে সঙ্গ দিয়ে যান উইকেটকিপার মোহাম্মদ আবদুল্লাহ। তাদের ঝড়ো জুটিতে আসে ৬৩ রান। সেঞ্চুরির দ্বারপ্রান্তে থাকতে দলের স্বার্থে ঝুঁকিপূর্ণ দুই রান নিতে গিয়ে বিতর্কিত রান আউটের শিকার হয়ে থামেন রিজন। ১০ চারে ৯৬ বলে ৯৫ রান করেন তিনি।
আর শেষ পর্যন্ত আবদুল্লাহ অপরাজিত থাকেন ২৯ বলে ৫ চারে ৩৮ রান করে। সামিউন বাশির রাতুলও অপরাজিত থাকেন ৮ বলে ২ চারে ১৩ রানে। প্রোটিয়াদের হয়ে দুই উইকেট নেন বান্ডাইল এমবাথা।