যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় এক নৈশভোজ অনুষ্ঠানে ভারতের বিরুদ্ধে পরমাণু যুদ্ধের হুমকি দিয়েছেন পাকিস্তানের সেনাপ্রধান আসিম মুনির। শনিবার রাতে ফ্লোরিডার টাম্পাতে ফিল্ড মার্শাল উপাধি পাওয়া মুনির বলেন, আমরা পারমাণবিক শক্তিধর দেশ। আমরা যদি মনে করি, আমরা শেষ হতে যাচ্ছি, তাহলে অর্ধেক দুনিয়াও সঙ্গে নিয়ে যাব। আসিম মুনিরের এই বক্তব্যের তীব্র নিন্দা জানিয়েছে ভারত। গতকাল সোমবার ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় এই মন্তব্যকে পাকিস্তানের চিরাচরিত স্বভাব হিসেবে অভিহিত করেছে। ভারতের কেন্দ্রীয় সরকারের সূত্রের উদ্ধৃতি দিয়ে এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, ফিল্ড মার্শাল মুনিরের এই মন্তব্য প্রমাণ করে যে পাকিস্তান একটি দায়িত্বজ্ঞানহীন পারমাণবিক শক্তিধর রাষ্ট্র। সূত্রগুলো আরও উল্লেখ করেছে, এটি একটি পরিচিত প্রবণতার অংশ। যখনই যুক্তরাষ্ট্র পাকিস্তান সেনাবাহিনীকে সমর্থন দেয়, তখনই তারা তাদের প্রকৃত রূপ প্রকাশ করে।
পেহেলগামে সন্ত্রাসী হামলার পর ভারত যেভাবে একতরফাভাবে সিন্ধু পানি চুক্তি থেকে সরে গেছে তা পাকিস্তানের ২৫ কোটি লোককে অনাহারে ঠেলে দেওয়ার ঝুঁকি সৃষ্টি করেছে বলেও দাবি মুনিরের। সিন্ধু নদীতে ভারতের বানানো কোনো অবকাঠামোর কারণে যদি পাকিস্তানের পানি পেতে সমস্যা হয়, তাহলে সেটি গুঁড়িয়ে দেওয়ারও হুমকি দিয়েছেন পাকিস্তানের এ সেনাপ্রধান। তিনি বলেছেন, ভারতের বাঁধ বানানো পর্যন্ত অপেক্ষা করব আমরা। যখন সেটি হয়ে যাবে, তখন আমরা সেখানে ১০টি ক্ষেপণাস্ত্র মেরে সেটি ধ্বংস করে দেব। সিন্ধু নদী ভারতের পারিবারিক সম্পত্তি নয়। আমাদেরও ক্ষেপণাস্ত্রের ঘাটতি নেই। বিশেষজ্ঞদের মতে, এটিই প্রথম ঘটনা যেখানে কোনো তৃতীয় দেশের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের ভূমি থেকে পরমাণু যুদ্ধের হুমকি দেওয়া হলো। মুনির তার বক্তৃতায় ভারত-পাকিস্তানের মধ্যে হওয়ার চার দিনের সংঘর্ষ নিয়ে অনেকক্ষণ কথা বলেছেন বলে একাধিক অতিথি জানিয়েছেন। ভারত কেন তার ক্ষয়ক্ষতির বিস্তারিত জানাচ্ছে না তা নিয়েও প্রশ্ন তোলেন তিনি। এ নিয়ে দুই মাসের মধ্যে দ্বিতীয়বার যুক্তরাষ্ট্র সফরে গেলেন মুনির। আগেরবার জুনে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টে ডোনাল্ড ট্রাম্পের আমন্ত্রণে হোয়াইট হাউজে গিয়েছিলেন তিনি।