চাঁদা না পেয়ে 'ইয়াবা' দিয়ে ফাঁসানোর অভিযোগে দুই পুলিশের বিরুদ্ধে মামলা

চট্টগ্রাম নগরে দুই লাখ টাকা চাঁদা না পেয়ে জাকির হোসেন নামে এক ব্যক্তিকে 'ইয়াবা' দিয়ে মামলায় ফাঁসানোর’ অভিযোগে দুই পুলিশ সদস্যের বিরুদ্ধে আদালতে মামলা দায়ের হয়েছে। 

সোমবার (১১ আগস্ট) চট্টগ্রাম অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম সরকার হাসান শাহরিয়ারের আদালতে মামলাটি দায়ের করেন নগরের ডবলমুরিং থানা এলাকার বাসিন্দা ভুক্তভোগীর খালাতো বোন সাবিনা আক্তার।

আসামিরা হলেন- চট্টগ্রাম মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগের (ডিবি) বন্দর অঞ্চলের উপপরিদর্শক (এসআই) মো. মহসিন ও মো. আজাদ।  

এদিকে মামলাটি আমলে নিয়ে পুলিশের অপরাধ তদন্ত বিভাগকে (সিআইডি) তদন্তের নির্দেশ দিয়েছেন আদালত। তবে পুলিশের দাবি, জাকির একটি  মাদক মামলার চার্জশিটভুক্ত আসামি। 

এজাহারে বাদীর অভিযোগ, গত ২২ জুলাই বিকেলে তার খালাতো ভাই জাকির হোসেনকে আটক করে মহানগর ডিবি পুলিশের দুই সদস্য। পরে তাকে মনসুরাবাদ ডিবি কার্যালয়ে নিয়ে যাওয়া হয়। সেখানে বাদী দেখা করতে গেলে পুলিশ দুই লাখ টাকা দাবি করেন। টাকা দিতে অস্বীকার করলে জাকিরকে মারধর করা হয়। টাকা না পেয়ে ক্ষুব্ধ হয়ে তারা ৪০০ পিস ইয়াবা উদ্ধার দেখিয়ে ভুক্তভোগীকে মাদক মামলা দেন।  

পুলিশ সূত্রে জানা যায়, জাকির ২০১৯ সালে নগরের সদরঘাট থানার একটি মাদক মামলার চার্জশিটভুক্ত আসামি। বাদীর আইনজীবী অ্যাডভোকেট আফজাল হোসেন জানিয়েছেন, আদালত অভিযোগ শুনেছেন। মামলাটি তদন্তের জন্য সিআইডিকে নির্দেশ দেওয়া হয়েছে।