সৌদি আরবের ন্যাশনাল শিপিং কোম্পানি (বাহরি) ইসরায়েলে অস্ত্র পরিবহনের সঙ্গে জড়িত থাকার অভিযোগ সম্পূর্ণভাবে অস্বীকার করেছে।
সোমবার কোম্পানির ওয়েবসাইটে প্রকাশিত এক আনুষ্ঠানিক বিবৃতিতে বাহরি জানায়, ‘এই অভিযোগগুলো সম্পূর্ণ মিথ্যা এবং ভিত্তিহীন।’
কোম্পানি জোর দিয়ে বলেছে, তারা ফিলিস্তিন ইস্যুতে সৌদি আরবের দীর্ঘদিনের নীতির প্রতি এবং সমুদ্রপথে পরিবহন সংক্রান্ত সব স্থানীয় ও আন্তর্জাতিক আইন ও বিধিবিধানের প্রতি সম্পূর্ণভাবে অঙ্গীকারবদ্ধ।
বাহরি স্পষ্ট করে জানায়, তারা কখনো ইসরায়েলে কোনো পণ্য বা চালান পরিবহন করেনি এবং কোনোভাবেই এ ধরনের কার্যক্রমের সঙ্গে জড়িত ছিল না। তারা আরও জানায়, তাদের সব কার্যক্রম কঠোর তদারকি এবং স্বচ্ছ পর্যালোচনার আওতায় পরিচালিত হয়, যাতে প্রযোজ্য নিয়মকানুন শতভাগ মেনে চলার বিষয়টি নিশ্চিত করা হয়।
কোম্পানি আরও উল্লেখ করেছে, তাদের নীতি বিকৃতভাবে উপস্থাপন করা বা সুনাম ক্ষুণ্ণ করতে পারে—এমন কোনো দাবির বিরুদ্ধে তারা আইনি ব্যবস্থা নিতে প্রস্তুত।
ইতালীয় গণমাধ্যমে একটি প্রতিবেদন প্রকাশের পর এমন প্রতিক্রিয়া জানিয়েছে সৌদি শিপিং কোম্পানি। প্রতিবেদনে বলা হয়েছিল, জেনোয়া বন্দরে কর্মীরা বাহরি ইয়ানবু নামের একটি সৌদি জাহাজকে আটক করেছেন। জাহাজটি যুক্তরাষ্ট্র থেকে ইসরায়েলের জন্য অস্ত্র নিয়ে যাচ্ছিল বলে অভিযোগ করা হয়।
