হাসপাতাল থেকে বাসায় ফিরলেন জামায়াত আমির

সফল অস্ত্রোপচারের পর হাসপাতাল থেকে বাসায় ফিরেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। গতকাল মঙ্গলবার সকাল ১১টার দিকে তিনি নিজ বাসার উদ্দেশ্যে রওনা হন। বাসায় ফেরার আগে তিনি দেশবাসীর দোয়ার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, ‘আমি এখন সম্পূর্ণ সুস্থ এবং দেশবাসীর কাছে দোয়া কামনা করছি।’

জামায়াত আমিরের বাসায় ফেরার পর এক সংক্ষিপ্ত প্রেস ব্রিফিংয়ে দলটির নায়েবে আমির ডা. সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের বলেন, ‘তাকে বিদেশে চিকিৎসার জন্য অনেক অনুরোধ এসেছিল। তবে আমিরের ইচ্ছানুসারে দেশেই চিকিৎসার সিদ্ধান্ত নেওয়া হয়। আল্লাহর ওপর ভরসা করে আমরা বাংলাদেশে অস্ত্রোপচারের সিদ্ধান্ত নিয়েছি।’

তিনি আরও বলেন, ‘ডা. শফিকুর রহমান শুধু দলের নন, পুরো জাতি তাকে শ্রদ্ধা করে। জাতি তাকে ভবিষ্যৎ বাংলাদেশের নেতৃত্বে অপরিহার্য মনে করে।’

তিনি বলেন, ‘জামায়াত আমির দুই সপ্তাহ বিশ্রামে থাকবেন। এরপর তিন সপ্তাহ পর তিনি জনসমক্ষে সক্রিয় হবেন। তিনি এখন আলহামদুলিল্লাহ ভালো আছেন এবং দেশবাসীর কাছে দোয়া চাওয়া।’

মেডিকেল টিমের সদস্য ডা. মো. শহীদ বলেন, ‘অস্ত্রোপচারের পর তার শারীরিক অবস্থার দ্রুত উন্নতি হয়েছে। আমরা তার পোস্ট-অপারেটিভ অগ্রগতিতে সন্তুষ্ট। দুই সপ্তাহ পর তার পুনরায় পরীক্ষা হবে।’

গত ২ আগস্ট সকালে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে জামায়াত আমিরের হার্টের বাইপাস সার্জারি হয়। অস্ত্রোপচারের পর চিকিৎসক দলের প্রধান ডা. জাহাঙ্গীর কবির বলেছিলেন, ‘তিনটি বাইপাসের পরিকল্পনা ছিল, তবে আমরা চারটি বাইপাস করেছি যাতে কোনো সমস্যা না হয়। অস্ত্রোপচারটি জটিলতা ছাড়াই সম্পন্ন হয়েছে।’

এর আগে গত ১৯ জুলাই সোহরাওয়ার্দী উদ্যানের সমাবেশে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন জামায়াত আমির। পরে ৩০ জুলাই ইউনাইটেড হাসপাতালে তার এনজিওগ্রাম করা হয়, যেখানে তার হার্টে চারটি ব্লক ধরা পড়ে।