ভারতের ইংল্যান্ড সফর শেষেই গুঞ্জন ছড়িয়ে পড়েছিল যে, ওয়ানডে ফরম্যাট থেকে অবসর নিয়ে আন্তর্জাতিক ক্রিকেটকে পাকাপাকিভাবে বিদায় জানাতে যাচ্ছেন বিরাট কোহলি। বিসিসিআইয়ের ২০২৭ বিশ্বকাপ পরিকল্পনায় বিরাট কোহলি এবং রোহিত শর্মার না থাকার খবরও প্রকাশিত হয়েছিল দেশটির গণমাধ্যমে। তবে একটি বাক্যব্যয় না করেই সব জল্পনায় যেন জল ঢেলে দিলেন কোহলি স্বয়ং।
হিন্দুস্থান টাইমস জানিয়েছে, কয়েকদিন আগে কোহলি তার ইনস্টাগ্রাম স্টোরিতে গুজরাট টাইটান্সের সহকারী কোচ নাঈম আমিনের সাথে ইনডোর নেট সেশনের পর একটি ছবি শেয়ার করেছিলেন। ক্যাপশনে লিখেছিলেন: ‘হিটিং নিয়ে সাহায্য করার জন্য ধন্যবাদ, ভাই। তোমাকে দেখে সবসময় ভালো লাগছে।’ ছবিটি দেখে পরিস্কার বোঝা যাচ্ছিল, আইপিএল শেষে ছুটি কাটিয়ে কোহলি অনুশীলনে ফিরেছেন এবং ক্রিকেটে মনোযোগ দিয়েছেন।
এরপরও ভারতের গণমাধ্যম ‘দৈনিক জাগরণ’ তাদের একটি প্রতিবেদনে দাবি করেছিল যে, আসন্ন অস্ট্রেলিয়া সফরই হতে পারে কোহলির বিদায় মঞ্চ। প্রতিবেদনে উল্লেখ করা হয়, কোহলি এবং রোহিত উভয়েই যদি তাদের ওয়ানডে ক্যারিয়ার দীর্ঘায়িত করে ২০২৭ বিশ্বকাপে খেলতে চান, তাহলে তাদেরকে ঘরোয়া ক্রিকেটে নিজেদের প্রমাণ করতে হবে। এই প্রতিবেদন দুই সুপারস্টারের অবসর জল্পনা বাড়িয়ে দিয়েছিল।
পরবর্তী ঘটনাও বেশ মজার। কোহলির সেই অনুশীলনের ছবিটি ইনস্টাগ্রামে শেয়ার করে একটি ফ্যানপেজ লিখেছে, ‘বিরাট কোহলি অস্ট্রেলিয়ায় ওয়ানডে সিরিজের জন্য প্রস্তুতি নিচ্ছেন।’ কোহলির অফিসিয়াল ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে সেই ফ্যানপেইজের পোস্টে লাইক দেওয়া হয়েছে। এতে অবসর জল্পনা ছাপিয়ে নতুন জল্পনা শুরু হয়েছে যে, আগামী অক্টোবরে অস্ট্রেলিয়ার মাটিতে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে কোহলিকে দেখা যাবে।
যদিও রোহিত-কোহলিকে নিয়ে বিসিসিআই এখনো চিন্তিত নয়। তাদের নজর এখন আসন্ন এশিয়া কাপ এবং আগামী বছর টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতিতে। পিটিআইকে বিসিসিআইয়ের এক সূত্র বলেছে, ‘অবশ্যই, যদি তাদের (রোহিত এবং কোহলি) ভবিষ্যৎ নিয়ে কোন পরিকল্পনা থাকে, তাহলে তারা বিসিসিআইকে জানাবে। ঠিক যেমনটি তারা ইংল্যান্ড টেস্ট সফরের আগে করেছিল। আমাদের পরবর্তী বড় দায়িত্ব হলো এশিয়া কাপ এবং আগামী টি-টোয়েন্টি বিশ্বকাপ।’