ইউক্রেন যুদ্ধে যুক্তরাষ্ট্র টাকা খরচ করছে না, আয় করছে: ট্রাম্প

আলাস্কায় রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠক করতে যাওয়ার পথে আবারও এয়ার ফোর্স ওয়ানের সাংবাদিকদের সঙ্গে কথা বলেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এসময় তিনি বলেন, যুক্তরাষ্ট্র ইউক্রেনের যুদ্ধে টাকা খরচ করছে না, বরং উপার্জন করছে—ন্যাটো থেকে অস্ত্র সরবরাহের বিনিময়ে ‘বড়, সুন্দর চেক’ পাচ্ছে।

আলাস্কার বৃহত্তম শহর অ্যাঙ্কোরেজে পৌঁছাতে দুই ঘণ্টার কম সময় বাকি থাকতে সাংবাদিকদের এ কথা বলেছেন তিনি।

ট্রাম্প চান রাশিয়া ও ইউক্রেনের মধ্যে যুদ্ধবিরতি হোক। তিনি বলেন, ‘আমি জানি না এটা (যুদ্ধবিরতি) আজ হবে কি না, কিন্তু আজ না হলে আমি খুশি হব না। এটা ইউরোপের সঙ্গে সম্পর্কিত নয়। আমাকে কী করতে হবে সেটা ইউরোপ বলছে না, তবে তারা অবশ্যই এই প্রক্রিয়ায় যুক্ত থাকবে, জেলেনস্কিও থাকবেন।’

তিনি দাবি করেন, যুক্তরাষ্ট্র ইউক্রেনের যুদ্ধে টাকা খরচ করছে না, বরং উপার্জন করছে— ন্যাটো থেকে অস্ত্র সরবরাহের বিনিময়ে ‘বড়, সুন্দর চেক’ পাচ্ছে। তবে আমি ওগুলো নিয়ে ভাবি না। আমি এখানে এসেছি হত্যাযজ্ঞ থামানোর জন্য।