কক্সবাজারে ‘অসুস্থ’ হয়ে এয়ার অ্যাম্বুলেন্সে ঢাকায় উপদেষ্টা

কক্সবাজারে সরকারি সফরে এসে ‘অসুস্থ হয়ে পড়ায়’ সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকীকে এয়ার অ্যাম্বুলেন্সযোগে ঢাকায় পাঠানো হয়েছে। এয়ার অ্যাম্বুলেন্সটি গতকাল শনিবার রাত সাড়ে ১০টার পরপরই কক্সবাজার বিমানবন্দর থেকে তাকে নিয়ে ঢাকার উদ্দেশে উড্ডয়ন করে।

অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) ইমরান হোসাইন সজীব বিষয়টি নিশ্চিত করে জানান, সংস্কৃতি উপদেষ্টা সন্ধ্যায় হোটেল ওশান প্যারাডাইজে অবস্থানকালে বুকে ব্যথা এবং উচ্চ রক্তচাপে অনুভব করার পর অসুস্থ হয়ে পড়েন বলে জানান তিনি।

ইমরান হোসাইন সজীব বলেন, সংস্কৃতি উপদেষ্টা শুক্রবার বিকেলে বিমানযোগে সরকারি সফরে কক্সবাজার পৌঁছান। এরপর তিনি রাত্রিযাপনের জন্য হোটেল ওশান প্যারাডাইজে ওঠেন। রবিবার কক্সবাজারকে ‘সাংস্কৃতিক হাব’ হিসেবে গড়ে তুলতে বিভিন্ন অংশীজন নিয়ে দুদিনব্যাপী আয়োজিত কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা ছিল তার। কিন্তু এর আগেই শনিবার সন্ধ্যায় হোটেলে অবস্থানকালে সংস্কৃতি উপদেষ্টা অসুস্থ হয়ে পড়েন।

চিকিৎসক ও হোটেল কর্র্তৃপক্ষ জানিয়েছেন, উপদেষ্টা ফারুকী বুকে ব্যথা ও উচ্চ রক্তচাপ ভুগছেন। তবে অসুস্থতা তেমনটা জটিল না হলেও বিপদ এড়াতে ঢাকা পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

অতিরিক্ত জেলা প্রশাসক বলেন, ‘রাত সোয়া ১০টার দিকে সংস্কৃতি উপদেষ্টাকে নিতে ঢাকা থেকে একটি এয়ার অ্যাম্বুলেন্স কক্সবাজার পৌঁছায়। এরপর রাত সাড়ে ১০টার পরপরই তাকে নিয়ে এয়ার অ্যাম্বুলেন্সটি ঢাকার উদ্দেশে রওনা দেয়।’

এদিকে সংস্কৃতি উপদেষ্টার অসুস্থতার খবরে কর্মশালাটি স্থগিত করা হয়েছে বলে জানান ইমরান হোসাইন সজীব।