নির্বাচনী সীমানা পুনর্নির্ধারণ প্রচেষ্টার বিরুদ্ধে যুক্তরাষ্ট্র জুড়ে শত শত বিক্ষোভ-সমাবেশ এবং অন্যান্য কর্মসূচি পালিত হয়েছে। গত শনিবার গণতন্ত্রপন্থি কর্মী এবং শ্রমিক সংগঠনগুলো এসব বিক্ষোভ কর্মসূচির আয়োজন করে। বিশেষ করে টেক্সাসের কংগ্রেসীয় মানচিত্র পুনর্নির্ধারণে ট্রাম্প প্রশাসনের প্রচেষ্টার বিরুদ্ধে বিক্ষোভ করেছে সংগঠনগুলো। গণতন্ত্রপন্থি জোট টেক্সাস ফর অল-এর নির্বাহী পরিচালক ড্রুসিলা টাইগনার বলেন, গণতন্ত্রপন্থি এবং শ্রমিক সংগঠনগুলো ৪৪টি অঙ্গরাজ্য এবং ওয়াশিংটন ডিসিতে কয়েক হাজার মানুষের অংশগ্রহণে তিনশর বেশি কর্মসূচি আয়োজন করেছে।
রয়টার্স জানিয়েছে, সাবেক কংগ্রেসম্যান বেটো ও’রউর্ক শনিবার টেক্সাসে বক্তৃতা দেন। সেখান থেকেই ডজনখানেক ডেমোক্র্যাট আইনপ্রণেতা রিপাবলিকানদের নির্বাচনী সীমানা পুনর্নির্ধারণ পরিকল্পনার পক্ষে ভোট দেওয়ার জন্য কোরাম ভেঙে দেন। ৫০ জনেরও বেশি টেক্সাস ডেমোক্র্যাট যাদের অনেকেই ইলিনয়ে অবস্থান করছেন তারাও এই পরিকল্পনার বিরোধিতা করেছেন। গভর্নর গ্রেগ অ্যাবট একটি বিশেষ অধিবেশনে নতুন মানচিত্রটি তুলে ধরে তা চূড়ান্ত করতে চেয়েছিলেন। তবে ডেমোক্র্যাটদের বিপক্ষ ভোটের কারণে তা পাস হয়নি। অ্যাবট বলেন, সীমানা পুনর্নির্ধারণ পরিকল্পনা, জুলাই মাসের প্রাণঘাতী বন্যার পর বন্যা নিরাপত্তা বৃদ্ধির আইন এবং অন্যান্য আইন প্রণয়নমূলক কাজ ডেমোক্র্যাটদের অনুপস্থিতির কারণে অসম্পূর্ণ রয়ে গেছে। অ্যাবট সঙ্গে সঙ্গেই দ্বিতীয় বিশেষ অধিবেশন ডাকেন। টেক্সাস হাউজ ডেমোক্র্যাটরা এক লিখিত বিবৃতিতে বলেছেন, তারা কেবল তখনই টেক্সাসে ফিরবেন যদি তাদের রাজ্যের বিশেষ আইনসভা অধিবেশন শেষ হয় এবং ক্যালিফোর্নিয়ার সীমানা পুনর্নির্ধারণ মানচিত্র উপস্থাপিত হয়। ক্যালিফোর্নিয়ার ডেমোক্র্যাটিক গভর্নর গ্যাভিন নিউজ বৃহস্পতিবার তার অঙ্গরাজ্যে একটি পরিকল্পনা উন্মোচন করেছেন, যা তার মতে সেখানে ডেমোক্র্যাটদের আরও পাঁচটি কংগ্রেসীয় আসন এনে দেবে এবং টেক্সাসে রিপাবলিকানদের যেকোনো অর্জনকে মলিন করবে।
এদিকে, যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে গৃহহীনদের একটি বড় তাঁবুর শিবির উচ্ছেদ করেছে শহর কর্র্তৃপক্ষ।