আরও একটি গ্রামকেন্দ্রিক নতুন ধারাবাহিক নাটকের কাজ শুরু অভিনেতা-নির্মাতা সালাহউদ্দিন লাভলু। নাটকের নাম ‘ফুলগাঁও’। চ্যানেল আইয়ে প্রচারের জন্য নাটকটি রচনা করেছেন মাসুম রেজা। ফুলের গাঁওয়ের মানুষদের গল্প নিয়েই নির্মিত হচ্ছে ‘ফুলগাঁও’ ধারাবাহিকটি। এতে বিভিন্ন চরিত্রে অভিনয় করছেন রহমত আলী, ওয়াহিদা মল্লিক জলি, আখম হাসান, আরফান আহমেদ, রওনক হাসান, সিনথিয়া ইয়াসমিন, তাসদিক নমিরা আহম্মেদ’সহ আরো অনেকে।
সালাহউদ্দিন লাভলুর কাছ থেকে জানা গেল, ইতিমেধ্যে ‘ফুলগাঁও’-এর কয়েক লটের কাজ শেষ করেছেন তিনি। নাটকে যাকাত আলী চরিত্রে অভিনয় করছেন আরফান আহমেদ, রাকাত আলী চরিত্রে অভিনয় করছেন আখম হাসান, মালা চরিত্রে অভিনয় করছেন নমিরা ও হ্যাপি চরিত্রে অভিনয় করছেন সিনথিয়া। নাটকটিতে অভিনয় প্রসঙ্গে আখম হাসান বলেন, ‘শ্রদ্ধেয় লাভলু ভাইয়ের নির্দেশনায় আমি নাটকে অভিনয় করছি প্রায় দুই দশক ধরেই। যার কারণে লাভলু ভাইয়ের টিউনের সাথে আমি পরিচিত। লাভলু ভাই যে টোনে সাধারনত কাজ করে থাকেন সেই টোনেই তিনি ফুলগাঁও নির্মাণ করছেন। কোথাও তিনি কোনো ধরনেরই ছাড় দিচ্ছেন না। সত্যি বলতে কী লাভলু ভাইয়ের সেট এ কাজ করলে মনে হয় না যে শুটিং করতে এসেছি। মনে হয় যেন পারিবারিক কোনো আড্ডা দিতে এসেছি।’
আরফান আহমেদ বলেন,‘ লাভলু ভাইয়ের কাজ মানেই আনন্দ, একটা গুড মুডে থাকা সবসময়। লাভলু ভাইয়ের নির্দেশনায় কাজ করতে আসা মানেই হলো এখানে নতুন কিছু শিখব। লাভলু ভাই মানেই হলো একজন শিক্ষক, লাভলু ভাইয়ের নির্দেশনায় মানেই হলো প্রতিটি দৃশ্য নিজেকে বুঝতে হবে-নিজের ভেতর লালন করে তারপরেই অভিনয় করতে হবে। এখানে তাড়াহুড়ার কিছু নাই। লাভলু ভাইয়ের কাজ মানেই অপেক্ষায় থাকা একটি ভালো কাজ প্রচারের।’
অভিনেত্রী সিনথিয়া বলেন,‘আমার সৌভাগ্য হয়েছে লাভলু ভাইয়ের নির্দেশনায় বেশ কিছু ধারাবাহিক ও খÐ নাটকে অভিনয় করার। অভিনয়ে তার কাছ থেকে আমি অনেক কিছু শিখেছি। তার নির্দেশনায় কাজ করতে পারাটা আমার জন্য পরম সৌভাগ্যের।’ নমিরা বলেন,‘ এবারই প্রথম সুযোগ হলো লাভলু ভাইয়ের নির্দেশনায় অভিনয় করার।তার নির্দেশনায় কাজ করে ভীষণ ভালোলাগছে এবং আমি নতুন কিছু শিখছি। বিশেষ করে কুষ্টিয়ার ভাষাটা শিখছি আমি।’
সালাহউদ্দিন লাভলু জানান, খুব শিগগিরই ধারাবাহিকটি প্রচার শুরু কবে।