ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে ড্রেজার মেশিন বসিয়ে অবৈধভাবে বালু উত্তোলনের প্রতিবাদে মানববন্ধন করেছেন স্থানীয়রা। সোমবার (১৮ আগস্ট) দুপুরে উপজেলা প্রেস ক্লাব চত্বরে চরলাপাং গ্রামের শতাধিক মানুষ এ মানববন্ধন কর্মসূচি পালন করেন। পরে উপজেলা নির্বাহী অফিসারের (ইউএনও) কাছে লিখিত স্মারকলিপি দেন তারা।
মানববন্ধনে বক্তারা বলেন, নাছিরাবাদের শাখাওয়াত হোসেন পায়েল পরিচালিত প্রতিষ্ঠান মেসার্স সামিউল ট্রেডার্স সরকারি নিলামের মাধ্যমে বালুমহলটি ৮ কোটি ৯৩ লাখ ৭৫ হাজার টাকায় ইজারা নিলেও শর্ত ভঙ্গ করে রাতদিন ড্রেজার বসিয়ে নির্বিচারে বালু তুলছে। এতে চরলাপাংসহ আশপাশের গ্রামগুলো নদীগর্ভে তলিয়ে যাচ্ছে। ইতোমধ্যে শত শত ঘরবাড়ি, মসজিদ-মাদরাসা ও আবাদী জমি বিলীন হয়ে গেছে।
গ্রামবাসীর অভিযোগ, 'স্বর্ণমহল' খ্যাত এই বালুমহলকে ঘিরে চলে সশস্ত্র পাহারা। কেউ প্রতিবাদ করতে এগিয়ে এলেই তাদের প্রাণনাশের হুমকি দেওয়া হয়। ভয় আর আতঙ্কে কেউ মুখ খুলতে সাহস পাচ্ছে না। ফলে সাধারণ মানুষ সহায়-সম্বল হারিয়ে পথে বসতে বাধ্য হচ্ছে।
নবীনগর পশ্চিম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুরে আলম নুর আজ্জম বলেন, অবিলম্বে অবৈধ বালু উত্তোলন বন্ধ না হলে আমরা বৃহত্তর আন্দোলনে নামতে বাধ্য হব। একই সঙ্গে প্রশাসনের দ্রুত ও কার্যকর হস্তক্ষেপ দাবি করেন তিনি।
মানববন্ধনে আরও উপস্থিত ছিলেন পশ্চিম ইউনিয়ন পরিষদের ১নং ওয়ার্ডের সদস্য জীবন মিয়া, নিয়াজউল্লাহ, সাঈদ, আবু সিদ্দিক, কামাল মিয়া ও সুক্কু মিয়াসহ অন্যরা।