৪১ বছরে পদার্পণে নবীনগর প্রেসক্লাবের দোয়া মাহফিল

আপডেট : ২২ নভেম্বর ২০২৬, ০৯:৪৯ পিএম

ব্রাহ্মণবাড়িয়ার ঐতিহ্যবাহী নবীনগর প্রেসক্লাব প্রতিষ্ঠার ৪১ বছরে পদার্পণ করেছে। এ উপলক্ষে কেক কাটা, আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (২২ নভেম্বর) বিকেলে নবীনগর প্রেসক্লাব কার্যালয়ে সংগঠনটির উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া-৫ (নবীনগর) আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আব্দুল মান্নান। সভাপতিত্ব করেন নবীনগর প্রেসক্লাবের সভাপতি মোহাম্মদ হোসেন শান্তি।

অনুষ্ঠান সঞ্চালনা করেন প্রেসক্লাবের সাবেক দুইবারের সাধারণ সম্পাদক এবং মোহনা টেলিভিশন ও আজকের পত্রিকার নবীনগর উপজেলা প্রতিনিধি হাজী সাইদুল আলম সোরাফ। শুরুতে পবিত্র কোরআন তিলাওয়াত করেন তাজুল ইসলাম। গীতা পাঠ করেন প্রেসক্লাবের সাবেক সভাপতি শ্যামা প্রসাদ চক্রবর্তী শ্যামল।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নবীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা রাকিবুল ইসলাম, সহকারী কমিশনার (ভূমি) শারমিন সুলতানা এবং নবীনগর থানার অফিসার ইনচার্জ মোর্শেদুল আলম চৌধুরী। এ সময় প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি আবু কালাম খন্দকারসহ আমন্ত্রিত অতিথি ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

আলোচনা সভায় প্রেসক্লাবের দীর্ঘ পথচলা, সাংবাদিকতার দায়িত্বশীলতা, বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন এবং এলাকার উন্নয়ন ও জনস্বার্থে সাংবাদিকদের ভূমিকা নিয়ে আলোচনা করা হয়। পরে প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটা হয়। দেশ, জাতি ও প্রেসক্লাবের উত্তরোত্তর সমৃদ্ধি কামনায় বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

উল্লেখ্য, ১৯৮৬ সালের ২২ নভেম্বর নবীনগর প্রেসক্লাব প্রতিষ্ঠিত হয়। চার দশকের বেশি সময় ধরে সংগঠনটি স্থানীয় সাংবাদিকতা, সংবাদ পরিবেশন ও জনস্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে ভূমিকা রেখে আসছে।

 

সর্বশেষ সর্বাধিক পঠিত