ভারত-পাকিস্তানের ওপর নজর রাখছে যুক্তরাষ্ট্র

ভারত ও পাকিস্তানের পরিস্থিতির ওপর যুক্তরাষ্ট্র ‘প্রতিদিন’ নজরে রাখছে বলে মন্তব্য করেছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। গতকাল সোমবার ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানায়, এনবিসি নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে রুবিও এ কথা বলেন। একই সঙ্গে দক্ষিণ এশিয়ার এই দুই প্রতিবেশীর মধ্যে পারমাণবিক উত্তেজনা এড়াতে সাহায্যের বিষয়ে ট্রাম্পের দাবি পুনর্ব্যক্তও করেছেন তিনি। রুবিও বলেন, ‘যুদ্ধবিরতি চুক্তি ধরে রাখা অনেক কঠিন, কারণ তা ভেঙে যাওয়া খুব সহজ। প্রতিদিনই আমরা লক্ষ্য রাখছি পাকিস্তান ও ভারতে কী ঘটছে।’

ফক্স বিজনেসকে দেওয়া আরেক সাক্ষাৎকারে রুবিও আবারও সাম্প্রতিক ভারত-পাকিস্তান সংঘাতের প্রসঙ্গ উল্লেখ করেন। সেখানে তিনি ওই সংঘাতের সমাধানে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ট্রাম্পের দাবিই পুনরাবৃত্তি করেছেন। রুবিও বলেন, ‘আমরা সৌভাগ্যবান ও কৃতজ্ঞ যে আমাদের একজন প্রেসিডেন্ট আছেন, যিনি শান্তি প্রতিষ্ঠাকে তার প্রশাসনের অগ্রাধিকারে রেখেছেন। আমরা সেটা দেখেছি কম্বোডিয়া ও থাইল্যান্ডে, ভারত-পাকিস্তানে, রুয়ান্ডা এবং কঙ্গোতে। আমরা বিশ^ জুড়ে শান্তি আনার যেকোনো সুযোগ অনুসরণ করে যাব।’

গত মে মাসে চার দিনের পারস্পরিক ড্রোন, ক্ষেপণাস্ত্র ও যুদ্ধবিমান হামলায় অন্তত ৬০ জন নিহত এবং হাজারো মানুষ বাস্তুচ্যুত হওয়ার পর দুই দেশ যুদ্ধবিরতিতে সম্মত হয়। আর এই যুদ্ধবিরতি ট্রাম্পই ঘোষণা করেছিলেন। প্রায় তিন দশকের মধ্যে এটিই ছিল ভারত-পাকিস্তানের মধ্যে সবচেয়ে ভয়াবহ সংঘাত।

পাকিস্তান দাবি করে, তারা অন্তত ছয়টি ভারতীয় যুদ্ধবিমান ভূপাতিত করেছে। ভারত এ বিষয়ে কোনো আনুষ্ঠানিক মন্তব্য না করলেও, কিছু ক্ষয়ক্ষতির কথা স্বীকার করেছে। তবে গত রবিবার লাহোরে এক সেমিনারে বক্তব্য দিতে গিয়ে পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নাকভি দাবি করেন, সামরিক সংঘর্ষ চলাকালে ভূপাতিত হওয়া ছয়টি ভারতীয় বিমানের ভিডিও ফুটেজ রয়েছে ইমলামাবাদের কাছে। তিনি বলেন, আমাদের গোয়েন্দা সংস্থাগুলো পর্দার আড়ালে গুরুত্বপূর্ণ কাজ করেছে। ভারতের পরিকল্পনা আগে থেকেই জেনে ফেলেছিল। আমরা জানতাম তারা (ভারত) কী পরিকল্পনা করছে।