বাংলাদেশে শক্তিশালী বিচার বিভাগ গঠনে সহযোগিতার আশ্বাস দিয়েছে যুক্তরাজ্য। গতকাল মঙ্গলবার সুপ্রিমকোর্টে প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদের সঙ্গে সাক্ষাৎ করেন বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক। দুপুর ২টার দিকে সুপ্রিমকোর্টে প্রধান বিচারপতির কার্যালয়ে আসেন তিনি। এ সময় প্রধান বিচারপতি ও ব্রিটিশ হাইকমিশনার পারস্পরিক কুশলাদি বিনিময় করেন এবং বিচার বিভাগের বিভিন্ন দিক নিয়ে আলোচনার সময় এ আশ্বাস দেন সারাহ কুক। সুপ্রিমকোর্ট প্রশাসনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, ব্রিটিশ হাইকমিশনার প্রধান বিচারপতির এক বছর পূর্তিতে তাকে অভিনন্দন জানান। তিনি বিগত এক বছরে বাংলাদেশের বিচার বিভাগের প্রাতিষ্ঠানিক স্বাধীনতা অর্জনের জন্য প্রধান বিচারপতির প্রচেষ্টা ও কর্মপরিকল্পনার ভূয়সী প্রশংসা করেন। বিশেষ করে, প্রধান বিচারপতি কর্তৃক একটি শক্তিশালী, স্বাধীন ও নিরপেক্ষ বিচার বিভাগ প্রতিষ্ঠার লক্ষ্যে বিচার বিভাগ সংস্কারের রোডম্যাপ ঘোষণা, বিচার সেবা প্রদানে স্বচ্ছতা আনতে ১২ দফা নির্দেশনা প্রদান, মামলায় বিবাদী পক্ষকে লিগ্যাল এইড প্রদানে ক্যাপাসিটি টেস্ট চালু, সুপ্রিম জুডিশিয়াল অ্যাপয়েন্টমেন্ট কাউন্সিলের মাধ্যমে উচ্চ আদালতে বিচারক নিয়োগ আইন প্রণয়ন, বিচারপ্রার্থীদের জন্য সুপ্রিমকোর্ট হেল্পলাইন চালু এবং অধস্তন আদালতের সক্ষমতা বৃদ্ধিতে বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রমগুলোকে কার্যকর ও সময়োপযোগী পদক্ষেপ হিসেবে বর্ণনা করেন।
এ সময় প্রধান বিচারপতি বিগত এক বছরে দেশের বিচার বিভাগের উন্নয়নে তার গৃহীত বিভিন্ন পদক্ষেপ ব্রিটিশ হাইকমিশনারের সামনে তুলে ধরেন। সারাহ কুক আশাবাদ ব্যক্ত করেন যে, আগামী দিনগুলোতে বাংলাদেশে সুশাসন প্রতিষ্ঠা ও ন্যায়বিচার নিশ্চিতকরণে বর্তমান প্রধান বিচারপতির বলিষ্ঠ নেতৃত্ব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। এ ছাড়া বাংলাদেশে একটি শক্তিশালী বিচার বিভাগ গঠনে যুক্তরাজ্য বাংলাদেশকে সর্বাত্মক সহযোগিতা করবে বলে আশ্বাস দেন ব্রিটিশ হাইকমিশনার।