কুমিল্লা শহরের আদর্শ সদর উপজেলার নোয়াপাড়া এলাকায় সেনাবাহিনীর বিশেষ অভিযানে মানবপাচারকারী ও পাসপোর্ট দালালকে গ্রেপ্তার করা হয়েছে।
মঙ্গলবার (১৯ আগস্ট) রাত আনুমানিক দেড়টায় সদর ক্যাম্পের সেনা টহল দল অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে। গ্রেপ্তার ব্যক্তি মো. সাজেদুল ইসলাম (৩৫) আদর্শ সদর উপজেলার হালিমা নগর নোয়াপাড়া গ্রামের বাসিন্দা।
অভিযানের সময় তার কাছ থেকে ৫২টি পাসপোর্ট, ৩টি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন ও ১টি বাটন মোবাইল ফোন উদ্ধার করা হয়।
সেনাবাহিনী সূত্রে জানা গেছে, সাজেদুল ইসলামের বিরুদ্ধে মানবপাচার, পাসপোর্ট জালিয়াতি, চাঁদাবাজি, অপহরণ ও অবৈধ অস্ত্র রাখাসহ একাধিক অভিযোগ রয়েছে। তার বিরুদ্ধে কুমিল্লা কোতোয়ালি মডেল থানায় একাধিক মামলা রয়েছে বলেও নিশ্চিত করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
অভিযান শেষে গ্রেপ্তার আসামি ও উদ্ধারকৃত আলামত কুমিল্লা কোতোয়ালি থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছেন সেনাবাহিনী। তার বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে।