ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন

ভোটকেন্দ্রের খসড়া তালিকা প্রকাশ ১০ সেপ্টেম্বর

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে ১০ সেপ্টেম্বর ভোটকেন্দ্রের খসড়া তালিকা প্রকাশ করবে নির্বাচন কমিশন (ইসি)। গতকাল বুধবার ইসির উপসচিব মো. মাহবুব আলম শাহ স্বাক্ষরিত এক চিঠিতে এ তথ্য জানানো হয়।

চিঠিতে জানানো হয়, জাতীয় সংসদ নির্বাচনের জন্য প্রণীত ‘জাতীয় সংসদ নির্বাচনে ভোটকেন্দ্র স্থাপন ও ব্যবস্থাপনা নীতিমালা-২০২৫’ গত ২৬ জুন গেজেটে প্রকাশিত হয়েছে। গণপ্রতিনিধিত্ব আদেশ, ১৯৭২-এর অনুচ্ছেদ ৮(১) ও (২) অনুযায়ী নির্বাচনের কমপক্ষে ২৫ দিন আগে ভোটকেন্দ্রের তালিকা সংরক্ষণ ও গেজেটে প্রকাশ করার বিধান রয়েছে।

ইসির সিদ্ধান্ত অনুযায়ী, ১০ সেপ্টেম্বর খসড়া ভোটকেন্দ্রের তালিকা প্রকাশ করা হবে। এরপর ২৫ সেপ্টেম্বর পর্যন্ত এ তালিকার ওপর দাবি-আপত্তি গ্রহণ করা হবে। প্রাপ্ত দাবি-আপত্তির নিষ্পত্তি করা হবে ১২ অক্টোবরের মধ্যে। চূড়ান্ত ভোটকেন্দ্রের তালিকা প্রকাশের সম্ভাব্য তারিখ নির্ধারণ করা হয়েছে ২০ অক্টোবর।

এ ছাড়া চিঠিতে আরও বলা হয়েছে, ‘খসড়া ভোটকেন্দ্রের তালিকা প্রকাশ, দাবি-আপত্তি গ্রহণ ও নিষ্পত্তির পর নির্ধারিত সময়সূচি অনুযায়ী সম্ভাব্য চূড়ান্ত ভোটকেন্দ্রের সংখ্যাগত তথ্য (সফটকপিসহ) সংশ্লিষ্ট আঞ্চলিক নির্বাচন কর্মকর্তার মাধ্যমে নির্বাচন সহায়তা-১ শাখায় পাঠাতে হবে।’