ভৈরব নদে ফেরি-ট্রলারের মুখোমুখি সংঘর্ষে যুবক নিখোঁজ

খুলনায় ভৈরব নদে ফেরি ও ট্রলারের মুখোমুখি সংঘর্ষের ঘটনায় এক যুবক নিখোঁজ হয়েছেন। বৃহস্পতিবার (২১ আগস্ট) রাত সাড়ে ১০টার দিকে জেলখানা ঘাটে এ দুর্ঘটনা ঘটে। নিখোঁজ আকাশ সাহা (১৭) রূপসা উপজেলার আইচগাতি ইউনিয়নের সাহাপাড়া গ্রামের বাসিন্দা দিলীপ সাহার ছেলে।

পুলিশ জানায়, রাত সোয়া ১০টার দিকে একটি যাত্রীবাহী ট্রলার জেলখানা ঘাট থেকে সেনের বাজারের দিকে যাচ্ছিল। নদীর মাঝপথে ফেরির সঙ্গে ট্রলারের মুখোমুখি সংঘর্ষ হয়। এ ঘটনায় ট্রলার থেকে দুজন নদীতে পড়ে যায়। প্রথমে স্থানীয়রা উদ্ধার অভিযানে অংশ নিলেও পরে খুলনা সদর নৌপুলিশ, রূপসা নৌপুলিশ, ফায়ার সার্ভিস ও নৌবাহিনীর ডুবুরিরা অভিযান চালায়।

রূপসা নৌপুলিশ ফাঁড়ির এসআই শিমুল ঘোষ বলেন, সংঘর্ষে নৌকার একটি অংশ ফেরির নিচে ঢুকে যায়। এতে যাত্রী নদীতে পড়ে যান এবং কিছু যাত্রী ফেরিতে উঠে যান। এর মধ্যে আকাশ সাহার সন্ধান এখনও পাওয়া যায়নি। তাকে উদ্ধারে অভিযান চলমান রয়েছে।