সিরাজগঞ্জের শাহজাদপুরে এক যুবককে ঈদ বোনাস দেওয়ার কথা বলে বাড়ি থেকে ডেকে নিয়ে গলা কেটে হত্যার অভিযোগ উঠেছে। নিহত সোহেল রানা (২৫) উপজেলার কায়েমপুর ইউনিয়নের সড়াতৈল গ্রামের আজাদ মণ্ডলের ছেলে।
খবর পেয়ে শাহজাদপুর থানা পুলিশ ঈদুল ফিতরের দিন শনিবার (২১ মার্চ) দুপুরের দিকে বাড়ি থেকে প্রায় ১ কিলোমিটার দূরে একটি ধানক্ষেত থেকে নিহতের লাশ উদ্ধার করে। এরপর ময়নাতদন্তের জন্য পুলিশ লাশটি সিরাজগঞ্জ শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে। এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
নিহত সোহেলের মা রুবি খাতুন জানান, রাত পৌনে ৮টার দিকে সোহেলের ফোনে বারবার কল আসে। এ সময় সোহেল বাড়ি থেকে বের হতে চাইলে তিনি বাধা দেন। কিছু সময় পর কায়েমপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম ঈদ বোনাস দেবেন বলে ৪/৫ জন যুবক তাকে বাড়ি থেকে ডেকে নিয়ে একটি সিএনজিতে তুলে নিয়ে যায়। এরপর রাতে আর বাড়ি ফিরে আসেনি। তার মোবাইল ফোন বন্ধ পেয়ে বাড়ির লোকজন অনেক খোঁজাখুঁজি করে তার সন্ধান পাওয়া যায়নি।
শনিবার (২১ মার্চ) সকাল সাড়ে ১০টার দিকে স্থানীয়রা ইরিক্ষেতে লাশ পড়ে থাকতে দেখে খবর দিলে ঘটনাস্থলে ছুটে গিয়ে তার ছেলে বলে সনাক্ত করেন। পরে পুলিশকে খবর দেওয়া হয়। খবর পেয়ে শাহজাদপুর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে।
তিনি আরও বলেন, কায়েমপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম ঈদ বোনাস দেওয়ার কথা বলে তার ছেলেকে ডেকে নিয়ে গেছে। এরপর পরিকল্পিতভাবে তাকে হত্যা করে লাশ ফেলে দিয়েছে। এই হত্যার সঙ্গে সাইফুল ছাড়াও যারা বাড়ি থেকে ডেকে নিয়ে গেছে তারাও জড়িত আছে বলে তিনি দাবি করেন।
এ বিষয়ে নিহত সোহেলের দূর সম্পর্কের নানা শহিদুল ইসলাম, নানি রহিমা খাতুন ও প্রতিবেশীরা অবিলম্বে খুনিদের গ্রেপ্তার করে ফাঁসির দাবি করেন।
এদিকে কায়েমপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক সাইফুল ইসলামের বাড়িতে গিয়ে তাকে পাওয়া যায়নি। তবে বিএনপি নেতা সাইফুলের ছোট ভাই আসাদুজ্জামান দাবি করেন, তার ভাই এ ঘটনার সঙ্গে জড়িত না। তাকে শক্রতা করে ফাঁসানোর চেষ্টা করা হচ্ছে।
শাহজাদপুর থানার ওসি মো. সাইফুল ইসলাম জানান, নিহতের মা রুবি খাতুন বাদী হয়ে শাহজাদপুর থানায় একটি হত্যা মামলা করবেন। এ ঘটনার সঙ্গে যারা জড়িত তাদের খুঁজে বের করে অবিলম্বে আইনের আওতায় আনা হবে।
