ঢাকা-নারায়ণগঞ্জ রুটে বাস ভাড়া বাড়ানোর সিদ্ধান্ত স্থগিত

আপডেট : ২২ আগস্ট ২০২৫, ১২:০২ পিএম

নারায়ণগঞ্জে আন্দোলনে হুঁশিয়ারির পর অবশেষে ঢাকা-নারায়ণগঞ্জ রুটে বর্ধিত বাস ভাড়া স্থগিত করেছে জেলা প্রশাসন। শুক্রবার (২২ আগস্ট) সকালে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করা হয়।

এ বিষয়ে নারায়ণগঞ্জ জেলা প্রশাসক (ডিসি) জাহিদুল ইসলাম মিঞা বলেন, অনিবার্য কারণবশত গত ২০ আগস্ট বন্ধন ও উৎসব পরিবহনের বর্ধিত ভাড়ার বিষয়ে গৃহীত সিদ্ধান্ত স্থগিত করা হয়েছে। বর্তমানে ঢাকা- নারায়ণগঞ্জ রুটে বন্ধন ও উৎসব পরিবহন এর ভাড়া আগের ন্যায় বহাল থাকবে। আলোচনা সাপেক্ষে এ বিষয়ে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।

এর আগে জেলা প্রশাসনের সিদ্ধান্ত অনুযায়ী বৃহস্পতিবার থেকে ঢাকা-নারায়ণগঞ্জ রুটে বাস ভাড়া ৫০ টাকার পরিবর্তে ৫৫ টাকা নেওয়া শুরু হয়। যা নিয়ে বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ থেকে শুরু করে সাধারণ মানুষ ক্ষোভে ফেটে পড়েন।

এর আগে ২০২৪ এর ৫ আগস্ট শেখ হাসিনা পালানোর পর ঢাকা-নারায়ণগঞ্জ রুটে বাস ভাড়া কমানোর দাবিতে আন্দোলন পরবর্তীতে হরতালের ডাক দেওয়া হয়। ১৭ নভেম্বর হরতালের আগেরর দিন ১৬ নভেম্বর জেলা প্রশাসন পরিবহন মালিকদের সঙ্গে বৈঠক করে ভাড়া ৫ টাকা কমিয়ে ৫০ টাকা নির্ধারণ করে দেন। ওই সময়ে ডিজেলের দাম ছিল লিটার প্রতি ১০৪ টাকা। সম্প্রতি আরো ২ পয়সা কমেছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত