মসজিদের শৌচাগারে প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণ, অভিযুক্ত গ্রেপ্তার

ফরিদপুরের বোয়ালমারীতে বুদ্ধি প্রতিবন্ধী এক কিশোরীকে (১৬) ধর্ষণের অভিযোগে অভিযুক্তকে গ্রেপ্তার করেছে পুলিশ। অভিযুক্ত ব্যক্তির নাম মফিজুর রহমান মল্লিক (৪২)। তিনি উপজেলার সাতৈর ইউনিয়নের কেরশাইল গ্রামের আব্দুল ওহাবের ছেলে।

শুক্রবার (২২ আগস্ট) কেরশাইল জামে মসজিদের শৌচাগারে এ ঘটনা ঘটে। এ ঘটনায় ভুক্তভোগী কিশোরীর বড় ভাই বাদী হয়ে শুক্রবার রাত ১১টার দিকে বোয়ালমারী থানায় একটি ধর্ষণ মামলা করেন। মামলা গ্রহণের কয়েক ঘণ্টার মধ্যেই অভিযুক্তকে আটক করেছে থানা পুলিশ।

মামলা সূত্রে জানা যায়, শুক্রবার দুপুরে দোকানে যাচ্ছিল প্রতিবন্ধী কিশোরী। এ সময় তাকে খাবারের লোভ দেখিয়ে মসজিদটির শৌচাগারে নিয়ে তার ইচ্ছার বিরুদ্ধে ধর্ষণ করে অভিযুক্ত মফিজুর রহমান। পরে তাকে টাকা দিয়ে ঘটনাটি কাউকে না বলার জন্য ভয়ভীতি দেখান। ধর্ষণের শিকার প্রতিবন্ধী কিশোরীটি অসুস্থ হয়ে পরিবারের কাছে বিষয়টি বললে তাকে প্রথমে বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে নিয়ে যায় তার পরিবার। সেখানে তার অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) পাঠানো হয়। বর্তমানে ভুক্তভোগী কিশোরী সেখানে চিকিৎসাধীন রয়েছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে বোয়ালমারী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল হাসান বলেন, অভিযোগের পর অভিযান চালিয়ে কয়েক ঘণ্টার মধ্যেই অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি ঘটনায় সম্পৃক্ততার কথা স্বীকার করেছে। ভুক্তভোগীর চিকিৎসা ও পরীক্ষা নিরীক্ষার জন্য ফরিদপুর মেডিকেল কলেজের ওসিসিতে পাঠানো হয়েছে এবং আসামিকে শনিবার ফরিদপুর আদালতে প্রেরণ করা হয়েছে।