অজ্ঞাত একাধিক দেশে ইরানের অস্ত্র কারখানা

পৃথিবীর বিভিন্ন দেশে নিজস্ব অস্ত্র কারখানা বানানোর দাবি করেছেন ইরানের প্রতিরক্ষামন্ত্রী আজিজ নাসিরজাদেহ। তবে কোন কোন দেশে এসব কারখানা তৈরি করা হয়েছে তা প্রকাশ করেননি তিনি। শনিবার দেশটির বার্তাসংস্থা ইয়ং জার্নালিস্ট ক্লাবের সঙ্গে দেওয়া এক টেলিভিশন সাক্ষাৎকারে আজিজ নাসিরজাদেহ এ তথ্য জানান। তিনি বলেন, আমরা সবসময় ক্ষেপণাস্ত্রের উন্নয়নকে প্রাধান্য দিয়েছি। তবে ইসরায়েলের সঙ্গে যুদ্ধের পর তাদের এ প্রাধান্যে হয়তো পরিবর্তন হতে পারে। যেসব দেশে অস্ত্র কারখানা বানানো হয়েছে সেগুলো নিকট ভবিষ্যতে প্রকাশ করা হবে বলে জানিয়েছেন তিনি।

ইসরায়েল-ইরান যুদ্ধ থামলেও এখনো উত্তেজনা রয়ে গেছে। দুপক্ষই হুমকি-পাল্টা হুমকি অব্যাহত রেখেছে। ইসরায়েলকে চেপে রাখতে লেবাননে হিজবুল্লাহ, ফিলিস্তিনের গাজায় হামাস ও ইরাকে কাতিব হিজবুল্লাহ এবং ইয়েমেনে হুথি বিদ্রোহীদের সহায়তা করে থাকে ইরান। এসব দেশে ইরানের অস্ত্র কারখানা আছে বলে দাবি করে থাকে ইসরায়েল।