ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে ছাত্রশিবিরের প্যানেল থেকে কার্যনির্বাহী সদস্য প্রার্থী জয়েন উদ্দিন সরকার তন্ময়কে বাদ দেওয়া হয়েছে। মুক্তিযুদ্ধে শহীদ বীরশ্রেষ্ঠ মতিউর রহমানকে নিয়ে ফেসবুকে একটি স্ট্যাটাস সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়ার পর সমালোচনার মুখে গতকাল শনিবার সংগঠনটি এ সিদ্ধান্তের কথা জানায়। শিবিরের প্যানেলের একজন প্রার্থী এবং কেন্দ্রীয় কমিটি বিষয়টি নিশ্চিত করেছেন। তবে, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবিরের ক্রীড়া সম্পাদক এবং শিবিরের প্যানেল থেকে সদস্য পদপ্রার্থী মিফতাহুল হোসাইন আল মারুফ বলেন, তন্ময় ব্যক্তিগত কারণে প্যানেল থেকে সরে গেছেন। আগামী ২৫ আগস্ট পদটির বিষয়ে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানান তিনি।
বাগছাস ছাড়লেন হাসিব
ডাকসু নির্বাচনে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্রসংসদের ‘বৈষম্যবিরোধী শিক্ষার্থী সংসদ’ থেকে মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলন সম্পাদক পদে মনোনীত হাসিব আল ইসলাম শেষ মুহূর্তে দলীয় প্যানেল থেকে বিদ্রোহ করে স্বতন্ত্রভাবে সহ-সাধারণ সম্পাদক (এজিএস) পদে প্রতিদ্বন্দ্বিতা করার ঘোষণা দিয়েছেন। জুলাই গণঅভ্যুত্থানে সাধারণ শিক্ষার্থীদের ওপর হামলাকারী ছাত্রলীগ ও গণঅভ্যুত্থানে গণহত্যার বৈধতা দেওয়া শিক্ষকদের যথাযথ বিচারের মুখোমুখি করার প্রতিশ্রুতি দিয়ে তিনি নির্বাচনে অংশ নিচ্ছেন। গণতান্ত্রিক ছাত্রসংসদের ঢাবি শাখার প্রধান সংগঠক হাসিবুল ইসলাম বর্তমানে ঢাবির সমাজবিজ্ঞান বিভাগের চতুর্থ বর্ষে অধ্যয়নরত। কোটা সংস্কার আন্দোলনে শীর্ষপর্যায়ে নেতৃত্ব দেওয়া এবং পরে শিক্ষার্থীদের হাত ধরে গঠিত নতুন ছাত্রসংগঠন গণতান্ত্রিক ছাত্রসংসদের ঢাবি শাখার প্রধান সংগঠকের দায়িত্ব পান তিনি। হাসিবুল ইসলাম ইতিমধ্যে তার নির্বাচনী ইশতেহার ঘোষণা করেছেন।
৫ আগস্টের পর নতুন করে জেতার কিছু নেই: আবিদুল
ছাত্রদল মনোনীত ভিপি প্রার্থী আবিদুল ইসলাম খান সাংবাদিকদের বলেন, ‘আমাদের নতুন করে জেতার কিছু নেই। আমরা ৫ আগস্ট জিতে এসেছি। সেই জয়কে আমাদের ধরে রাখতে হবে। আমাদের হারানোর কিছু নেই। ‘প্লিজ কেউ কাউকে ছেড়ে যাবেন না’ এই কথাটি গণঅভ্যুত্থানের গুরুত্বপূর্ণ বাক্য। যতদিন বাংলাদেশ থাকবে, ততদিন এই বাক্যটি প্রাসঙ্গিক থাকবে। সবাই আমাদের হৃদয় দিয়ে গ্রহণ করছে। আমরা এটা অনুভব করতে পারছি। এমন একটি বাংলাদেশই আমরা চেয়েছিলাম এবং তা ধরে রাখতে আমরা প্রতিজ্ঞাবদ্ধ।’
বিধিমালা ভঙ্গের অভিযোগ হামীমের বিরুদ্ধে
ছাত্রদল মনোনীত সাধারণ সম্পাদক (জিএস) প্রার্থী তানভীর বারী হামীমের বিরুদ্ধে ডাকসু নির্বাচনে একের পর এক বিধিমালা লঙ্ঘনের অভিযোগ করেছেন বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্রসংসদের মনোনীত জিএস প্রার্থী আবু বাকের মজুমদার। তিনি বলেন, ‘মনোনয়ন সংগ্রহের সময় তানভীর বারী হামীম মুহুর্মুহু সেøাগান দিতে দিতে প্রবেশ করেন, যা সম্পূর্ণ বিধিমালা লঙ্ঘন। তিনি বিধিমালা ভঙ্গ করেও থেমে থাকেননি, ফেসবুকে পোস্ট দিয়েছেন। তাছাড়া, তিনি জিয়াউর রহমান, খালেদা জিয়া ও তারেক রহমানের ছবিসহ পোস্টার বানিয়ে পোস্ট দিয়েছেন।’ তিনি আরও বলেন, ‘বিশ্ববিদ্যালয় প্রশাসন জানিয়েছে, এ ধরনের প্রচার সম্পূর্ণ নিষিদ্ধ। বিজ্ঞপ্তি জারির পরও এগুলো সরানো হয়নি একমাত্র তিনিই এসব করছেন। অন্য কাউকে এমন বিধিমালা লঙ্ঘন করতে দেখা যায়নি।’
নির্বাচন পেছানোর চেষ্টা হচ্ছে : ইয়ামিন মোল্লা
নানা কৃত্রিম সংকটের মধ্যে দিয়ে ডাকসু নির্বাচন পেছানোর চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেছেন ছাত্র অধিকার পরিষদ সমর্থিত ‘ডাকসু ফর চেঞ্জ’ প্যানেলের ভিপি পদপ্রার্থী বিন ইয়ামিন মোল্লা। গতকাল ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে এক সংবাদ সম্মেলনে তিনি এই অভিযোগ করেন। তিনি বলেন, ‘আমরা প্রশাসনকে জানিয়েছি, ভোটে প্রার্থীদের ছবি ও নাম হালনাগাদ করার জন্য। কিন্তু তারা বলছে, এটা নিয়ে অনেক সমস্যা হবে। আমাদের বিশাল একটি ভোটার গোষ্ঠী অনাবাসিক শিক্ষার্থী। আমরা যখন দাবি নিয়ে প্রশাসনের কাছে গেলাম, তারা বলছে, হল কার্ড হালনাগাদ না করলে ভোট দিতে পারবে না। তাছাড়া, সন্ত্রাসী জুলিয়াস সিজারও (স্বতন্ত্র প্যানেল) নির্বাচন করছে। তার বিরুদ্ধে আমরা অভিযোগ জানানোর পরও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি।’
তিনি শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, ‘আমরা অনেক লড়াই করে ডাকসুকে এ পর্যন্ত এনেছি। আমরা কোনোভাবেই ডাকসু নির্বাচন বানচাল হতে দেব না।’