যুক্তরাষ্ট্রের শিকাগোতে সেনা মোতায়েনের পরিকল্পনা করছে দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। রবিবার ওয়াশিংটন পোস্ট জানায়, যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা দপ্তর পেন্টাগন এই পরিকল্পনায় কাজও শুরু করেছে। ট্রাম্প অপরাধ, গৃহহীনতা ও অবৈধ অভিবাসনের বিরুদ্ধে কঠোর পদক্ষেপের ঘোষণা দেওয়ার পর এ পরিকল্পনা নেওয়া হয়েছে। প্রতিবেদনে বলা হয়, কয়েক সপ্তাহ ধরে এই পরিকল্পনা নিয়ে কাজ চলছে। এর অংশ হিসেবে আগামী সেপ্টেম্বরের মধ্যে কয়েক হাজার ন্যাশনাল গার্ড সদস্য মোতায়েন করা হতে পারে বলে ধারণা করা হচ্ছে। ট্রাম্পের এই পরিকল্পনাকে ‘ক্ষমতার অপব্যবহার’ আখ্যা দিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন ইলিনয় অঙ্গরাজ্যের ডেমোক্র্যাট গভর্নর জেবি প্রিৎজকার। এমন কোনো জরুরি অবস্থা নেই যার জন্য ইলিনয়ে ন্যাশনাল গার্ড লাগবে মন্তব্য করে তিনি বলেন, প্রেসিডেন্ট একটি সংকট তৈরি করার চেষ্টা করছেন। ট্রাম্প ইতোমধ্যে ওয়াশিংটন ডিসিতে প্রায় দুই হাজার সেনা মোতায়েন করেছেন।