বিতর্কিত অঞ্চলে ভোট স্থগিত করল সিরিয়া সরকার

গণঅভ্যুত্থানের পর ক্ষমতা নেওয়া সিরিয়া সরকার আগামী মাসে অনুষ্ঠিত হতে যাওয়া অন্তর্বর্তী সংসদ নির্বাচনে দ্রুজ সম্প্রদায়ের এলাকা সুয়েইদা প্রদেশ এবং কুর্দি নিয়ন্ত্রিত দুটি প্রদেশ ভোট স্থগিত করেছে। এক সিরীয় কর্মকর্তার বরাতে শনিবার এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা এএফপি। গত ডিসেম্বর গণঅভ্যুত্থানে স্বৈরশাসক বাশার আল-আসাদকে ক্ষমতাচ্যুত করার পর সিরিয়ায় নতুন সরকার ক্ষমতায় আসে। এর নেতৃত্বে আছেন প্রেসিডেন্ট আহমেদ আল-শারা। ক্ষমতা নিয়েই তিনি আসাদ যুগের সংসদ ভেঙে দেন এবং পাঁচ বছরের জন্য একটি অন্তর্বর্তী সংবিধান প্রণয়ন করেন। তবে এ অস্থায়ী সংবিধান সমালোচিত হয়েছে শারার হাতে অতিরিক্ত ক্ষমতা কেন্দ্রীভূত করার জন্য।

সিরিয়ায় অন্তর্বর্তী সংসদ নির্বাচনের তারিখ নির্ধারিত হয়েছে ১৫ থেকে ২০ সেপ্টেম্বর। স্থানীয়রা সংসদের ২১০ আসনের মধ্যে দুই-তৃতীয়াংশ সদস্য বাছাই করবে আর বাকি সদস্যদের নিয়োগ দেবেন প্রেসিডেন্ট শারা। কিন্তু এ প্রক্রিয়া দক্ষিণের দ্রুজ-অধ্যুষিত সুয়েইদা এবং উত্তর ও উত্তর-পূর্বের রাকা ও হাসাকা প্রদেশে স্থগিত করা হবে। নির্বাচন আয়োজন সংশ্লিষ্ট কমিটির সদস্য নাওয়ার নাজমেহ সরকারি বার্তা সংস্থা সানাকে বলেন, যতক্ষণ না পর্যন্ত উপযুক্ত পরিবেশ ও নিরাপদ পরিস্থিতি তৈরি হয়, ততক্ষণ ওইসব স্থানে ভোট হবে না।

গত মাসে সুয়াইদা প্রদেশে প্রাণঘাতী সাম্প্রদায়িক সংঘর্ষ ঘটে। এখনো সেখানে প্রবেশাধিকার কঠিন এবং নিরাপত্তা পরিস্থিতি উত্তেজনাপূর্ণ। অন্যদিকে, রাকা ও হাসাকা প্রদেশ মূলত কুর্দি প্রশাসনের নিয়ন্ত্রণে রয়েছে। ১০ মার্চ কেন্দ্রীয় সরকারের সঙ্গে কুর্দি প্রতিষ্ঠানের একীভূতকরণের চুক্তি হলেও, দুপক্ষের মতপার্থক্যের কারণে তা বাস্তবায়ন বিলম্বিত হয়েছে। নাজমেহ বলেছেন, স্থগিতের কারণ হলো এ প্রদেশগুলোতে বিদ্যমান নিরাপত্তা চ্যালেঞ্জ। এটি করা হচ্ছে ন্যায্য প্রতিনিধিত্ব নিশ্চিত করার জন্য। এ কর্মকর্তা জানান, সংসদে এ তিন প্রদেশের আসনগুলো সংরক্ষিত

থাকবে, যা পরে পূরণ করা হবে। সিরিয়ায় নতুন সরকারের মেয়াদ হবে ৩০ মাস, তবে এতে নবায়নের সুযোগও রাখা হয়েছে।