আসন্ন ঢাকা বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে আবেদনপত্রে ত্রুটি থাকায় প্রার্থিতা স্থগিত হওয়া ৪৭ প্রার্থীর মধ্যে আপিল করা ৩৪ প্রার্থীর সবাই নির্বাচনের সুযোগ পাচ্ছেন বলে জানিয়েছেন চিফ রিটার্নিং কর্মকর্তা অধ্যাপক ড. মো. জসিম উদ্দিন। তিনি বলেন, যে ৩৪ প্রার্থী আপিল করেছিলেন তাদের পক্ষেই রায় হয়েছে বলে আমরা জানতে পেরেছি। তারা প্রার্থিতা ফেরত পাবে। অর্থাৎ তারা নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন। গতকাল রবিবার বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে নির্বাচন কমিশনের কার্যালয়ের সামনে সাংবাদিকদের উদ্দেশে তিনি এসব কথা বলেন।
নারী ভোটারদের ছবি সীমিত প্রদর্শন চেয়ে রিট : ডাকসুর ভোটার তালিকায় থাকা নারী শিক্ষার্থীদের ছবি ও ব্যক্তিগত তথ্য সীমিত আকারে প্রদর্শনের নির্দেশনা রিট দায়ের করা হয়েছে। রবিবার হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় রিট করেন সাবিকুন্নাহার তামান্না, মো. জাকারিয়া, ফাতেমা, তাসনিম ঝুমা ও রেদোয়ান ম-ল রিফাত। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি, নির্বাচনের প্রধান রিটার্নিং কর্মকর্তাকে রিটে বিবাদী করা হয়েছে। রিটে তারা বলেন, দ্রুততম সময়ে নারী শিক্ষার্থীদের ছবি সংবলিত ভোটার তালিকা বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট থেকে সরিয়ে নেওয়া হোক এবং ভবিষ্যতে এ ধরনের ব্যক্তিগত তথ্য প্রকাশ না করে বিকল্প হিসেবে শিক্ষার্থী পরিষেবার মতো রেজিস্ট্রেশন নম্বর ব্যবহার করে তথ্য দেখার একটি নিরাপদ ব্যবস্থা চালু করা হোক।
আপত্তি থাকলে ছাত্রীদের চেহারা দেখানো হবে না : ডাকসু নির্বাচনে নারী শিক্ষার্থীদের চেহারা দেখানোর বিষয়ে কেউ আপত্তি জানিয়ে আবেদন করলে তার ছবি ওয়েবসাইট থেকে সরিয়ে দেওয়া হবে বলে জানিয়েছেন চিফ রিটার্নিং অফিসার অধ্যাপক ড. জসীম উদ্দিন। তিনি বলেন, আমরা হলগুলোতে নোটিস দেব। যেসব ছাত্রীরা তাদের ফেস দেখানোর বিষয়ে আপত্তি করবেন তারা আবেদন করলে তাদের ছবি সরিয়ে নেওয়া হবে।
হলের রিডিং রুমে প্রচারণা ছাত্রদলের ভিপি প্রার্থীর : আচরণবিধি ভঙ্গ করে ছাত্রদলের সহসভাপতি (ভিপি) পদপ্রার্থী আবিদুল ইসলাম খানের বিরুদ্ধে আবাসিক হলের রিডিং রুমে প্রবেশ করে নির্বাচনী প্রচারণা চালানোর অভিযোগ উঠেছে। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, তিনি হলের রিডিং রুমে শিক্ষার্থীদের সঙ্গে কুশল বিনিময় করছেন। তবে ডাকসু ও হল সংসদ নির্বাচনী আচরণবিধি অনুযায়ী, হলের রিডিং রুমে কোনো নির্বাচনী প্রচারণা করা সম্পূর্ণ নিষিদ্ধ। আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে ব্যবস্থা গ্রহণের জন্য গতকাল প্রধান রিটার্নিং কর্মকর্তার কাছে লিখিত আবেদন জানিয়েছেন কবি জসীমউদদীন হলের শিক্ষার্থী শাহ জামাল।
অভিযোগ সম্পর্কে আবিদুল ইসলাম খান বলেন, ‘আমার রাজনৈতিক ও নির্বাচন প্রক্রিয়ার অভিজ্ঞতার আলোকে এটা কোনোভাবেই আচরণবিধি লঙ্ঘনের মতো মনে হয়নি। সাধারণ শিক্ষার্থীরাও এটাকে আচরণবিধি ভঙ্গ মনে করবে না। যারা রাজনৈতিকভাবে আমাকে মোকাবিলা করতে ব্যর্থ হচ্ছে, তারাই আমাদের বিরুদ্ধে অপপ্রচার ও অভিযোগ করার চেষ্টা করছে।’
প্রধান রিটার্নিং কর্মকর্তা অধ্যাপক ড. মো. জসীম উদ্দিন বলেন, ‘আমরা এ বিষয়ে একটি অভিযোগ পেয়েছি। বিষয়টি খতিয়ে দেখা হবে।’
ছাত্রদলের মেয়েদের হেনস্থা করা হচ্ছে-আবিদ :
সাইবার বুলিংয়ের মাধ্যমে আমাদের বারবার হয়রানি করার চেষ্টা করা হচ্ছে। রোকেয়া হলের বিভিন্ন গ্রুপে ছাত্রদলের মেয়েদের হেনস্তা করা হয়েছে। রোকেয়া হল ছাত্রলীগের নেত্রী আতিকাকে যেভাবে বের করা হয়েছে, আমাদের মেয়েদের নাকি সেভাবে হেনস্তা করা হবে। প্রশাসনকে বলব আপনারা তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করুন।
তিনি বলেন, যারা মুক্তিযুদ্ধকে ধারণ করে না, তাদের নির্বাচন করতে দিয়ে নির্বাচন প্রশাসন পক্ষপাতিত্ব করেছে, তাদের প্রতিশ্র“তি ভঙ্গ করেছে। ৫ আগস্টের পরও যারা গুপ্ত রাজনীতি করে যাচ্ছে, তারাই ছাত্ররাজনীতি নিষিদ্ধ করার অপচেষ্টা করেছে। পরে তারাই আবার প্রকাশ্যে এসেছে। তারা ঢাবির মাটিতে রাজাকার শব্দকে ভুলভাবে উপস্থাপন করেছে। টিএসসিতে স্বীকৃত রাজাকারদের ছবি টানিয়েছে। ছাত্রদল একমাত্র ছাত্র সংগঠন, যারা সচিবালয়ে যায়নি, কোনো অধিদপ্তরে যায়নি।
পরীক্ষা নির্বাচনের পরে নেওয়ার আহ্বান :
ডাকসু নির্বাচন উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের পরীক্ষার সময়সূচি পেছানোর দাবি জানিয়েছেন ইসলামী ছাত্রশিবির সমর্থিত ‘ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট’ প্যানেল থেকে সহসভাপতি (ভিপি) প্রার্থী সাদিক কায়েম।
তিনি বলেন, আগামী ৯ সেপ্টেম্বর ডাকসু নির্বাচন। কিন্তু এই সময়ের মধ্যে অনেক বিভাগের পরীক্ষা রয়েছে। কারও অ্যাসাইনমেন্ট, কারও প্রেজেন্টেশন এবং ফাইনাল-মিডটার্ম। কিন্তু নির্বাচন উপলক্ষে যে উৎসবমুখর পরিবেশ ও প্রচারণা চলছে, সে কারণে শিক্ষার্থীদের পড়াশোনা বিঘ্নিত হচ্ছে। তাই আমাদের দাবি, সব পরীক্ষা যেন ৯ সেপ্টেম্বরের পরে নিয়ে যাওয়া হয়। এটা শিক্ষার্থীদেরও দাবি।
জিএস প্রার্থী এস এম ফরহাদ বলেন, নির্বাচন কমিশন প্রার্থীদের আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ আমলে নিচ্ছে না।
ভোটকেন্দ্র বাড়ানোসহ ৬ দাবি প্রতিরোধ পর্ষদের :
নির্বাচনে ভোটকেন্দ্র বাড়ানোসহ ৬ দফা দাবিতে নির্বাচন কমিশন বরাবর স্মারকলিপি প্রদান করেছে বামপন্থি জোটের প্যানেল প্রতিরোধ পর্ষদ। প্যানেলের দাবিগুলো হলো অপরাধে সম্পৃক্তদের প্রার্থিতা বাতিল; ভোটকেন্দ্রের সংখ্যা বৃদ্ধি ও স্থানান্তর; পরীক্ষা সাময়িক স্থগিত; আচরণবিধি কঠোরভাবে বাস্তবায়ন; ব্যালটে ছবি সংযুক্তকরণ; ভোটদান প্রক্রিয়া সহজ করা।
ডাকসুতে প্রার্থীদের ডোপ ডেস্টের দাবি :
আসন্ন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে অংশগ্রহণ করা প্রার্থীদের ডোপ টেস্ট বাধ্যতামূলক করার দাবি জানিয়েছেন মোসাদ্দেক-জুবায়ের আংশিক প্যানেলের সমাজসেবা সম্পাদক প্রার্থী এবি জুবায়ের। রবিবার বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ দাবি জানান তিনি। সংবাদ সম্মেলনে শিক্ষার্থীদের সুবিধার জন্য এবি জুবায়ের কয়েকটি দাবি তুলে ধরেন। তিনি বলেন, কোনো মাদকাসক্ত প্রার্থী যাতে নির্বাচিত হতে না পারে, সেজন্য বাধ্যতামূলক ডোপ টেস্টের ব্যবস্থা করা।