ঢাকা বিশ্ববিদ্যালয়ের হাজী মুহসীন হলে রুমমেটকে ছুরিকাঘাতের অভিযোগে ডাকসু ভিপি প্রার্থী জালাল আহমদ ওরফে জ্বালাময়ী জালালকে পুলিশের কাছে সোপর্দ করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
মঙ্গলবার (২৬ আগস্ট) রাত সাড়ে বারোটার দিকে হলের ৪৬২ নম্বর কক্ষে এ ঘটনা ঘটে। অভিযোগ রয়েছে, রুমে ঢুকে রুমমেট মো. রবিউল হককে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করেন জালাল। রবিউল ২০১৮-১৯ শিক্ষাবর্ষের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী। গুরুতর আহত অবস্থায় তাকে সহপাঠীরা উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে।
ঘটনার পর জালাল নিজ কক্ষে আটকে থাকেন। পরে শিক্ষার্থীদের প্রতিবাদ ও স্লোগানের মধ্যে দীর্ঘ সময় চেষ্টা চালিয়ে রাত আড়াইটার দিকে প্রশাসন তাকে কক্ষ থেকে বের করে পুলিশের হাতে তুলে দেয়।
হলের প্রাধ্যক্ষ ড. মো. সিরাজুল ইসলাম জানান, এমন নৃশংস ঘটনার জন্য জালালকে মুহূর্তেই হল থেকে বহিষ্কার করা হয়েছে। পাশাপাশি তার ছাত্রত্ব বাতিল ও থানায় মামলা করার পদক্ষেপ নেওয়া হচ্ছে।
আহত রবিউল বলেন, “সে (জালাল) রাতের বেলা রুমে এসে আলো জ্বালিয়ে উচ্চস্বরে কথা বলতে থাকে। এতে ঘুম ভেঙে যায়। আমি আপত্তি জানালে সে আমাকে বহিরাগত বলে গালাগাল করে এবং পরে ছুরি দিয়ে আঘাত করে। কোনোভাবে আত্মরক্ষা করে বের হয়ে আসতে পেরেছি।”