র‌্যাঙ্কিংয়ে ৪০ ধাপ এগোলেন গ্রিন; বোলিংয়ের শীর্ষে দুই স্পিনার

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজের শেষ ওয়ানডেতে বিধ্বংসী সেঞ্চুরি হাঁকিয়ে আইসিসি ওয়ানডে র‌্যাঙ্কিংয়ে বড় লাফ দিয়েছেন ক্যামেরন গ্রিন। ওই ম্যাচে আরও সেঞ্চুরি করেছিলেন অস্ট্রেলিয়ান অধিনায়ক মিচেল মার্শ এবং ওপেনার ট্রাভিস হেড। এই দুজনেরও উন্নতি হয়েছে চোখে পড়ার মতো। অন্যদিকে বোলারদের র‌্যাঙ্কিংয়ে শীর্ষস্থান ভাগাভাগি করেছেন দুই দেশের দুই স্পিনার।

আজ বুধবার প্রকাশিত আইসিসির হালনাগাদ র‌্যাঙ্কিংয়ে অজি ক্রিকেটারদের লক্ষণীয় অগ্রগতি হয়েছে। ট্রাভিস হেড এক ধাপ উঠে যৌথভাবে ১১তম স্থানে, মার্শ চার ধাপ এগিয়ে ৪৪তম স্থানে এবং গ্রিন ৪০ ধাপ এগিয়ে উঠে এসেছেন ৭৮তম স্থানে। এছাড়া জশ ইঙ্গলিসও দ্বিতীয় ওয়ানডেতে ৮৭ রান করে ২৩ ধাপ এগিয়ে ৬৪তম স্থানে জায়গা করে নিয়েছেন।

ব্যাটসম্যানদের তালিকার শীর্ষ তিনে রয়েছেন ভারতের শুভমান গিল (৭৮৪), রোহিত শর্মা (৭৫৬) এবং পাকিস্তানের বাবর আজম (৭৩৯)। অন্যদিকে বোলারদের র‌্যাঙ্কিংয়ে দক্ষিণ আফ্রিকার কেশব মহারাজ** ও শ্রীলঙ্কার মাহিশ থিকশানা ৬৭১ রেটিং পয়েন্ট নিয়ে যৌথভাবে শীর্ষে আছেন। আসলে শেষ ওয়ানডেতে ৫৭ রানে ১ উইকেট নেওয়া মহারাজের রেটিং পয়েন্ট কমে থিকশানার সমান হওয়াতেই এমনটা হয়েছে।

বোলারদের তালিকায় সবচেয়ে বড় লাফ দিয়েছেন দক্ষিণ আফ্রিকার লুঙ্গি এনগিডি। তিন ম্যাচে ৭ উইকেট নিয়ে তিনি ছয় ধাপ এগিয়ে ২৮তম স্থানে উঠেছেন। এছাড়া অস্ট্রেলিয়ার শন অ্যাবট (যৌথভাবে ৪৮তম) এবং নাথান এলিস (৬৫তম) সিরিজে ভালো পারফরম্যান্স করে উন্নতি করেছেন র‌্যাঙ্কিংয়ে।