মৌলভীবাজারের কমলগঞ্জে পারিবারিক কলহের জেরে বিষ পান করে আতিকুর রহমান (৩০) নামে এক তরুণের মৃত্যু হয়েছে। বুধবার (২৭ আগস্ট) দুপুরে উপজেলার সদর ইউনিয়নের সরইবাড়ী গ্রামে এ ঘটনা ঘটেছে। সে একই এলাকার মৃত উলফত উল্লাহর ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার পরিবারের সদস্যদের অজান্তে নিজের ঘরেই বিষ পান করেন আতিকুর রহমান। পরে পরিবারের সদস্যরা বিষের গন্ধ পেয়ে প্রথমে তাকে উদ্ধার করে কমলগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে মৌলভীবাজার সদর হাসপাতালে পাঠানো হলে জরুরী বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহতের প্রতিবেশীদের সঙ্গে কথা বলে জানা যায়, বেশ কিছু দিন ধরে নিহত আতিকুরের পরিবারে ঝগড়া চলছে। পারিবারিক কলহ জনিত কারণে সে বিষপান করে আত্মহত্যা করেছে।
কমলগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) শামীম আখনজি বিষয়টি নিশ্চিত করেছেন।