কোয়াবের নির্বাচনে সভাপতি পদে লড়বেন সেলিম শাহেদ ও মোহাম্মদ মিঠুন

ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (কোয়াব) এর পরিচালনা পর্ষদ নির্বাচনের জন্য মনোনয়নপত্র জমা দেয়ার দিন কাল। কোয়াবের অ্যাডহক কমিটির সদস্য ও সাবেক ক্রিকেটার এবং ম্যাচ রেফারি নিয়ামুর রশীদ রাহুল দেশ রূপান্তরকে জানিয়েছেন কাল মনোনয়ন পত্র জমাদানের পরই জানা যাবে কে কোন পদে নির্বাচন করছেন।

কোয়াবের নির্বাচন নিয়ে আগ্রহ বাড়ে তামিম ইকবালের নাম সম্পৃক্ত হওয়ায়। খেলা ছাড়ার পর বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি পদে এবং কোয়াবের সভাপতি পদে এই বামহাতি ব্যাটসম্যানের নাম শোনা গেলেও বাস্তবে আদৌ তামিম কোয়াব সভাপতির পদে প্রার্থী হচ্ছেন কি না সেটা জানা যাবে বৃহস্পতিবার।

এবারের কোয়াব নির্বাচনে ‘সাধারণ সম্পাদক’ নামের কোন পদ থাকছে না। রাহুল জানালেন নির্বাচন হবে অন্যভাবে, 'এবার অন্য ভাবে নির্বাচন হবে। সাধারণ সম্পাদক বলে কোন পদ আর থাকছে না। সভাপতি, সিনিয়র সহ সভাপতি, সভাপতি এবং কার্যনির্বাহী সদস্য পদে নির্বাচন হবে। সদস্য হবেন ৯ জন, এর মধ্যে ১টি পদ সংরক্ষিত নারী ক্রিকেটারদের জন্য। নারী ক্রিকেটারদের ২০-২২ জনের মত একটি তালিকাও ভোটার তালিকায় আছে। পুরুষ ক্রিকেটারদের ভোটার তালিকায় তৈরি হয়ে গেছে যেটা ২ তারিখ নির্বাচন কমিশন প্রকাশ করবে।'

২৮ এবং ২৯ আগস্ট চলবে মনোনয়ন পত্র জমা, ৩০ আগস্ট মনোনয়ন পত্র প্রত্যাহারের শেষ সময়সীমা। ২ আগস্ট চূড়ান্ত ভোটার তালিকা  ও প্রার্থী তালিকা প্রকাশ এবং ৪ আগস্ট হবে নির্বাচন। সভাপতি পদে অ্যাডহক কমিটির প্রেসিডেন্ট সাবেক ক্রিকেটার সেলিম শাহেদ এবং এখনো খেলা চালিয়ে যাওয়া মোহাম্মদ মিঠুন প্রতিদ্বন্দিতা করতে যাচ্ছেন বলে জানিয়েছেন মিনহাজুল আবেদীন নান্নু।